এই সেতুর জন্য ভেঙে যেত বিয়ের সম্বন্ধ! দীর্ঘ ৬ বছরের অপেক্ষার অবসান, দুই বিধানসভার মানুষের মুখে হাসি

আর ঘুরপথে নয়, অথবা বর্ষায় নদীর জল ভেঙে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত নয়— উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নম্বর ব্লকের বোচাগাড়ি এলাকার বাসিন্দারা এবার পেতে চলেছেন একটি ঝাঁ চকচকে সেতু। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে প্রায় সাড়ে নয় কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বোচাগাড়ি সেতুর কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, যা এখন দ্রুত উদ্বোধনের অপেক্ষায়।

এই সেতু উদ্বোধনের ফলে গোয়ালপোখর ও চাকুলিয়া— এই দুটি বিধানসভার লক্ষ লক্ষ মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা মিটতে চলেছে।

কেন এত গুরুত্বপূর্ণ ছিল এই সেতু?
গোয়ালপোখরের বোচাগাড়ি এলাকায় বয়ে গেছে পিতানু নদী (Pitanu River)। এই নদীর ওপর সেতু না থাকায় গোয়ালপোখর ও চাকুলিয়া অঞ্চলের মানুষের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন ছিল।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই যোগাযোগ সমস্যার কারণে এলাকার যুবক-যুবতীদের বিয়ের সম্বন্ধ পর্যন্ত ভেঙে যেত। জরুরি পরিস্থিতিতে অন্য প্রান্তে পৌঁছানো ছিল অসম্ভব।

৬ বছরের দীর্ঘ প্রতীক্ষা ও মন্ত্রীর ভূমিকা
দীর্ঘ প্রতীক্ষার পর ২০১৭ সালে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর প্রায় সাত কোটি টাকার প্রকল্পে সেতু নির্মাণের কাজ শুরু করে। কিন্তু সেতু তৈরি হলেও এপ্রোচ রোডের কাজ না হওয়ায় প্রায় ছয় বছর ধরে সেতুটি অচল অবস্থায় পড়ে ছিল।

অবশেষে, চলতি বছরের মার্চ মাসে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে আরও আড়াই কোটি টাকা ব্যয়ে এপ্রোচ রোডের কাজ শুরু হয় এবং দ্রুত গতিতে তা সম্পন্ন হয়েছে।

এলাকাবাসীরা এই দীর্ঘদিনের দাবি পূরণে রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক গোলাম রব্বানী-র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁদের কথায়, মন্ত্রী রব্বানীর প্রচেষ্টাতেই অবশেষে স্বপ্নের বোচাগাড়ি সেতু বাস্তব রূপ পেল। বর্তমানে বোচাগাড়ি সেতু উদ্বোধনের অপেক্ষায় গোটা এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ।