এই বছর কি পুজো মাটি হবে? মহালয়া থেকেই শুরু হবে বৃষ্টি, কবে ভারী বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন!

আর মাত্র আট দিন বাকি। তারপরই শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস এবার মন খারাপ করে দিতে বাধ্য। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এ বছর পুজোর দিনগুলোতে, অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোর এই বিশেষ সময়ে বৃষ্টিপাতের পেছনে কারণ হলো একটি নিম্নচাপ।

মহালয়া থেকে পুজো পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস
মহালয়া (২১ সেপ্টেম্বর): মহালয়ার দিন থেকেই আবহাওয়ার বদল ঘটবে। দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দুপুরের পর। ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।

২২-২৪ সেপ্টেম্বর: মহালয়ার পর সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ২৪ সেপ্টেম্বর বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।

২৫-২৬ সেপ্টেম্বর: ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা পরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়বে।

সপ্তমী (২৯ সেপ্টেম্বর): সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে।

অষ্টমী থেকে দশমী (৩০ সেপ্টেম্বর – ২ অক্টোবর): এই সময় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। নবমীর রাত থেকে দশমীর দিন পর্যন্ত কিছু জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলনামূলকভাবে, উত্তরবঙ্গে পুজোর সময় বৃষ্টি কম হবে। ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর হালকা বৃষ্টি এবং ৩০ সেপ্টেম্বর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়লেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাই, পুজোয় বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হলেও, তা উৎসবের আনন্দকে পুরোপুরি নষ্ট করবে না বলে আশা করা যায়।