উৎসবের মরশুমের আগে চরম বিপাকে হোটেল-রেস্তোরাঁ! হু হু করে বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সরবরাহ ঘাটতির মধ্যে নতুন মাস শুরু হতেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম আবারও বেড়েছে। ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া এই মূল্যবৃদ্ধির জেরে বিভিন্ন শহরে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৭১.৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। উৎসবের মরশুম শুরু হওয়ার ঠিক আগে এই ধাক্কা রেস্তোরাঁ, হোটেল, ক্যাটারার এবং অন্যান্য বাণিজ্যিক এলপিজি ব্যবহারকারী ব্যবসার উপর বাড়তি খরচের বোঝা চাপিয়ে দিয়েছে।

নয়া দাম অনুযায়ী, দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৬২.৫০ টাকা বেড়ে ২,৮১০ টাকা হয়েছে। মুম্বইতে নতুন বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ২,৭৬৪ টাকা এবং চেন্নাইতে এই দাম পৌঁছেছে ২,৯৮৩ টাকায়। কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে হয়েছে ২,৯৫৪ টাকা। একইভাবে পাটনায় দাম ৭১.৫০ টাকা বেড়ে ৩,১০০.৫০ টাকায় দাঁড়িয়েছে। এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন বাজেটের উপরও পরোক্ষ প্রভাব ফেলতে চলেছে।

তবে সাধারণ গৃহস্থদের জন্য স্বস্তির খবর হলো, ডমেস্টিক বা ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম সম্পূর্ণ অপরিবর্তিত রাখা হয়েছে। দিল্লিতে ঘরোয়া সিলিন্ডারের দাম ৯৪২ টাকা, মুম্বইতে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৮ টাকা এবং চেন্নাইতে ৯৫৭.৫০ টাকায় বহাল রয়েছে।

পাশাপাশি, ১ অক্টোবর থেকে ভর্তুকি মূল্যে গ্যাস সিলিন্ডার পেতে হলে গ্রাহকদের বায়োমেট্রিক আধার যাচাইকরণ (বা ই-কেওয়াইসি) সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। যাঁদের ই-কেওয়াইসি ইতিমধ্যেই সম্পন্ন করা আছে, তাঁদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। তবে যাঁদের এই যাচাইকরণ বাকি রয়েছে, তাঁরা সাময়িকভাবে ভর্তুকিযুক্ত হারে গ্যাস বুক করতে পারবেন না। যদিও গ্যাস সরবরাহ বা বুকিং বন্ধ করা হবে না; পরবর্তীতে ই-কেওয়াইসি সম্পূর্ণ করলেই গ্রাহকরা পুনরায় ভর্তুকির সুবিধা পেতে শুরু করবেন।