উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরার কয়েক মাসের মধ্যেই আবার অসুস্থ, কেমন আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া?

বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)-এর চেয়ারপার্সন এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ নিয়ে রবিবার রাতে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানিয়েছেন, আগামী ১২ ঘণ্টা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
ডা. এফ এম সিদ্দিকী রাতে সাংবাদিকদের বলেন, “খালেদা জিয়ার চেস্টে (বুকে) ইনফেকশন (সংক্রমণ) হয়েছে। হার্টের (হৃদ্যন্ত্র) সমস্যা আগে থেকেই ছিল।” সংক্রমণ হৃদ্যন্ত্র ও ফুসফুসে ছড়িয়ে পড়ায় দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই চিকিৎসক জানান, “পরবর্তী ১২ ঘণ্টা ওনার (খালেদা জিয়া) অবস্থা কী হয়, সেটা খুব গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন যে, হাসপাতালে নেওয়ার পর তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং কিছু পরীক্ষা পরে করা হবে। এই পরীক্ষাগুলোর ফলাফল আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাওয়া যাবে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, তাঁর বর্তমান অবস্থা নিয়ে উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা চলছে।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি চলতি বছরের ৮ জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন এবং টানা ১৭ দিন চিকিৎসার পর ৬ মে দেশে ফেরেন। গত ১৫ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়ে একদিন পর বাসায় ফিরেছিলেন তিনি।