উত্তর-পূর্বের সোনা বাংলায় পাচারের বিরাট চক্রান্ত ফাঁস! গ্রেফতার টোটোচালক সহ দুই পাচারকারী

উত্তর-পূর্ব ভারত থেকে বিপুল পরিমাণ সোনা পাচারের ছক বানচাল করে দিল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার সন্ধ্যায় কোচবিহারের নিশিগঞ্জের হাতিভাঙা এলাকায় একটি টোটো আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ৮১৪ গ্রাম ওজনের সোনার বাট, যার বর্তমান বাজারমূল্য এক কোটিরও বেশি। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সোনার পক্ষে ধৃতরা কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
পুলিশ সূত্রে খবর, একটি খবরের কাগজে যত্ন করে মুড়ে ওই সোনা পাচার করা হচ্ছিল। এই ঘটনায় টোটোচালক সহ মোট দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে টোটোচালক রাহুল হোসেনের বাড়ি নিশিগঞ্জে এবং অপর পাচারকারী আরফান হোসেনের বাড়ি অসমে বলে জানা গিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ করে পুলিশ এখন খতিয়ে দেখছে ঠিক কোথা থেকে এই বিপুল পরিমাণ সোনা সংগ্রহ করা হয়েছিল এবং তা কার কাছে বা কোথায় পাচারের উদ্দেশ্য ছিল। এর পেছনে কোনো বড় আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য সোনার পাচার চক্রের হাত রয়েছে কি না, তা জানতে ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন করে জেরা শুরু হয়েছে।