‘ঈশ্বরকে ধন্যবাদ যে সে চলে গেছে!’ কিসের জন্য নীতিশ কুমারকে খোঁচা দিলেন সোনিয়া গান্ধী? বিস্ফোরক কংগ্রেস বৈঠক!

কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) সাম্প্রতিক বৈঠক ঘিরে জাতীয় রাজনীতিতে তীব্র শোরগোল পড়ে গেছে। দলের অন্দরেই প্রকাশ্যে চলে এল শীর্ষ নেতাদের চরম মতানৈক্য। সূত্রের খবর, বিরোধী ‘ইন্ডিয়া’ (INDIA) জোট থেকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আকস্মিক সরে যাওয়াকে কেন্দ্র করে বৈঠকে সরাসরি তুমুল তর্কে জড়িয়ে পড়েন কংগ্রেসের দুই প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব—সোনিয়া গান্ধী এবং দিগ্বিজয় সিং।

বৈঠক চলাকালীন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং দাবি তোলেন যে, নীতীশ কুমারকে কিছুতেই ইন্ডিয়া জোট ছেড়ে যেতে দেওয়া উচিত হয়নি। তাঁর মতে, নীতীশ যদি জোটে থাকতেন, তবে দেশের বর্তমান রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ ভিন্ন হতে পারত এবং তাঁকে আটকানোর জন্য শীর্ষ নেতৃত্বের আরও সচেষ্ট হওয়া উচিত ছিল। দিগ্বিজয়ের এই বক্তব্যের পরেই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন সোনিয়া গান্ধী। তিনি সাফ জানিয়ে দেন, “ঈশ্বরকে ধন্যবাদ যে নীতীশ কুমার সময়মতো চলে গিয়েছেন। তিনি তো সবসময় ওপাশেই যাওয়ার পথ খুঁজছিলেন।” সোনিয়া অভিযোগ করেন, নীতীশ সর্বদা জোট ছাড়ার বাহানা খুঁজছিলেন এবং বিজেপির নির্দেশেই চালিত হচ্ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে বিরোধী মহাজোট ভেঙে বেরিয়ে এসে বিজেপির হাত ধরে এনডিএ-তে যোগ দেন জেডিইউ প্রধান নীতীশ কুমার এবং রেকর্ড নবম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হন। সিডব্লিউসি বৈঠকে নীতিশকে ঘিরে এই ক্ষোভ প্রকাশ পাওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের কাজ নিয়েও সোচ্চার হয় কংগ্রেস। ভোটার তালিকা থেকে কোটি কোটি নাম বাদ যাওয়ার প্রতিবাদে অবিলম্বে ‘এসআইআর’ প্রক্রিয়া স্থগিতের দাবি তোলা হয়েছে। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে আন্দোলনে নামার হুংকার দিয়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।