ইতিহাসের সঙ্গে মিল রেখে ইংরেজিতেও নাম হবে ‘পশ্চিমবঙ্গ’! বিধানসভায় আসছে নয়া প্রস্তাব

বাংলার পাশাপাশি এবার ইংরেজিতেও রাজ্যের সরকারি নাম ‘পশ্চিমবঙ্গ’ (Paschim Banga) করার জন্য বড়সড় উদ্যোগ গ্রহণ করল রাজ্য সরকার। ইংরেজিতে রাজ্যের নাম পাকাপাকিভাবে পরিবর্তনের জন্য বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে সরকার। বিধানসভায় এই প্রস্তাব পাশ হওয়ার পর তা চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রের কাছে পাঠানো হবে।

এর আগে অতীতে রাজ্যের নাম সব ভাষাতেই ‘বাংলা’ করার প্রস্তাব বিধানসভায় পাশ করিয়ে কেন্দ্রের কাছে পাঠানো হলেও সেই প্রস্তাবে কেন্দ্র সিলমোহর দেয়নি। তবে বর্তমান রাজনৈতিক সমীকরণে এই নাম বদলের দাবি জোরালো হয়েছে। কিছুদিন আগেই বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছিলেন যে, দলের অবস্থান পরিষ্কার— সব ভাষাতেই রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ হওয়া উচিত। রাজ্যের ইতিহাসের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নাম রাখার পক্ষে সওয়াল করে তিনি খুব শীঘ্রই বিধানসভায় বিল আনার কথা জানিয়েছিলেন। শমীক ভট্টাচার্যের এই মতকে সমর্থন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, শমীক ভট্টাচার্য যা বলেছেন তা একদম সঠিক এবং ইংরেজিতেও রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ করার জন্য ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রশাসনিক মহলের একাংশের মতে, ইংরেজিতে রাজ্যের নাম পরিবর্তিত হয়ে ‘পশ্চিমবঙ্গ’ হলে তার ইংরেজি আদ্যাক্ষর ‘P’ দিয়ে শুরু হবে। এর ফলে কেন্দ্রীয় সরকারি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকগুলিতে রাজ্য বাড়তি সুবিধা পেতে পারে। কারণ এতদিন ‘West Bengal’-এর আদ্যাক্ষর ‘W’ হওয়ার কারণে কেন্দ্রীয় বৈঠকে রাজ্যের প্রতিনিধিরা বর্ণানুক্রমিক নিয়মে সবার শেষে বক্তব্য রাখার সুযোগ পেতেন, যা এবার বদলাতে চলেছে।