ইতিহাসের দোরগোড়ায় সৌদি আরব, বুর্জ খলিফাকে ছাপিয়ে আসছে বিশ্বের প্রথম ১ কিলোমিটার উচ্চতার জেদ্দা টাওয়ার

এতদিন রাস্তা মাপা হয়েছে কিলোমিটার দিয়ে। কিন্তু এবার কিলোমিটার দিয়ে মাপা হবে বাড়ির উচ্চতা। কারণ, বিশ্বের প্রথম ১ কিলোমিটার (প্রায় ৩,২৮১ ফুট) উচ্চতার অট্টালিকা তৈরির কাজ পুরোদমে চলছে সৌদি আরবের জেদ্দায়। এই বিশাল প্রকল্পটি শেষ হলে দুবাইয়ের বর্তমান সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা (প্রায় ৮৩০ মিটার) তার কাছে অনেক ছোট মনে হবে।

এই অসাধ্য সাধনের নাম ‘জেদ্দা টাওয়ার’। দীর্ঘ বিরতির পর বর্তমানে যে গতিতে এর নির্মাণকাজ এগোচ্ছে, তাতে ২০২৮ সালের মধ্যেই এটি সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এটি তৈরি হলে পৃথিবীর মানুষ প্রথম এমন একটি কাঠামো দেখতে পাবে, যা লম্বায় পুরো এক কিলোমিটার!

যা থাকবে জেদ্দা টাওয়ারে

পরিকল্পনা অনুযায়ী, জেদ্দা টাওয়ারের মোট ১৬৭টি তলা তৈরি হবে। এই বিশাল উচ্চতায় পৌঁছনোর জন্য ভবনটিতে মোট ৫৮টি লিফট তৈরি করা হচ্ছে, যা বিশ্বের দ্রুততম লিফটগুলির মধ্যে অন্যতম হবে।

এই ঐতিহাসিক ভবনটির স্থাপত্যের দায়িত্বে আছেন সেই একই স্থপতি, যিনি বুর্জ খলিফার নকশা তৈরি করেছিলেন—আদ্রিয়ান স্মিথ। এটি তৈরি হলে জেদ্দা কেবল একটি শহর নয়, বরং এই বিস্ময়কর কাঠামোকে কেন্দ্র করে বিশ্বের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।

বর্তমানে বুর্জ খলিফা দেখতে গিয়ে নিচে দাঁড়িয়ে অনেকের ঘাড় উঁচু করেও চূড়ো দেখতে না পাওয়ার যে সমস্যা হয়, ভবিষ্যতে জেদ্দা টাওয়ারের ক্ষেত্রে সেই অভিজ্ঞতা কেমন হবে, তা নিয়ে কৌতূহল বাড়ছে। এই নতুন স্থাপত্য কেবল উচ্চতারই রেকর্ড ভাঙবে না, স্থাপত্য ও প্রকৌশল জগতে নতুন দিগন্ত উন্মোচন করবে।