ইউনূস প্রশাসনের নিশানায় বাউল শিল্পীরা! বিদ্বেষমূলক মন্তব্যের অজুহাতে গ্রেফতার, মিছিলে কট্টরপন্থীদের হামলার অভিযোগ

গত বছরের জুলাই মাস থেকে উত্তপ্ত বাংলাদেশ। গত আগস্টের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর অর্থনীতিবিদ মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কিন্তু এই অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই দেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর হামলার অভিযোগ উঠেছে। এবার ইউনূস প্রশাসনের নিশানায় বাউল শিল্পীরা।
বিদ্বেষমূলক মন্তব্যের অজুহাতে গ্রেফতার:
পদ্মাপারের দেশের পুলিশ সম্প্রতি এক বাউল শিল্পীকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘বিদ্বেষমূলক মন্তব্য’ করেছেন। যদিও সমালোচকদের দাবি, ধর্মীয় ও সাংস্কৃতিক বহুত্ববাদের প্রতীক বাউল শিল্পীদের উপর এই আক্রমণ আসলে দেশে বাড়তে থাকা কট্টরপন্থী মানসিকতারই প্রতিফলন।
মিছিলে হামলার অভিযোগ:
বাউল শিল্পীর গ্রেফতারের প্রতিবাদে তাঁর সমর্থনে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। অভিযোগ উঠেছে, সেই মিছিলেও কট্টরপন্থীরা হামলা চালিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে।
বাড়ছে ধর্মীয় অসহিষ্ণুতা:
পর্যবেক্ষকদের মতে, শেখ হাসিনা সরকার বিদায় নেওয়ার পর অন্তর্বর্তী প্রশাসনের আমলে সংখ্যালঘু এবং উদারপন্থী সাংস্কৃতিক গোষ্ঠীর উপর ধর্মীয় অসহিষ্ণুতা ও আক্রমণ বেড়ে চলেছে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির এবং ব্যবসার উপর হামলার পর এবার বাউল শিল্পীদের গ্রেফতারের ঘটনা দেশে নতুন করে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি করেছে।