“আস্থা রাখুন বিজেপিতে, এখন পরিবর্তনের সময়!” ভোটের সকালে বঙ্গবাসীকে আবেগঘন খোলা চিঠি মোদীর

আজ ২৯ এপ্রিল, ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা চূড়ান্ত দফার মহারণ। ভোটের বাদ্যি বাজতেই সকাল সকাল বাংলার মানুষের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইংরেজি ও বাংলা— দুই ভাষাতেই টুইট করে গণতান্ত্রিক এই উৎসবে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। বিশেষ করে রাজ্যের নারী ও যুবসমাজকে রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী মোদী তাঁর বার্তায় লিখেছেন, ‘আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় দফা। আজ যাঁরা ভোট দিচ্ছেন তাঁদের সকলকে রেকর্ড সংখ্যায় ভোট দিয়ে আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত করে তোলার আহ্বান জানাচ্ছি। পশ্চিমবঙ্গের নারী ও যুবশক্তি বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করুন।’ অন্যদিকে অমিত শাহর নিশানায় ছিল রাজ্যের শাসকদল। তিনি লিখেছেন, ‘বাংলাকে ভয়, সিন্ডিকেট ও দুর্নীতির শাসন থেকে মুক্ত করতে মায়েরা, বোনেরা ও যুবরা বেশি সংখ্যায় ভোট দিন। আপনাদের একটি ভোট বাংলার গৌরব পুনঃপ্রতিষ্ঠা করবে ও মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করবে।’

উল্লেখ্য, সোমবার ব্যারাকপুরে শেষ নির্বাচনী প্রচার সেরে একটি অডিও বার্তা ও আবেগঘন খোলা চিঠি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি গত কয়েকমাসের নির্বাচনী প্রচারকে অযোধ্যার রাম লালার প্রাণ প্রতিষ্ঠার আগে পালন করা ১১ দিনের আধ্যাত্মিক অনুশাসনের সঙ্গে তুলনা করেছেন। মোদী লিখেছেন, ‘বাংলার মানুষের অপরিসীম ভালোবাসা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। এখানকার মানুষ এখন পরিবর্তনের জন্য উদগ্রীব। ভয় দেখানো অনেক হয়েছে, এবার প্রয়োজন আস্থার।’ চিঠির শেষে তাঁর জোরালো আশ্বাস, ‘বাংলার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা আমার পরম কর্তব্য। আমরা সকলে মিলে বাংলায় বিজেপি মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের আনন্দ উদযাপন করব।’