আসল সত্য কি চাপা পড়ে যাচ্ছে? এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় বিস্ফোরক মন্তব্য করে কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের!

গত জুন মাসে গুজরাটের আহমেদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক বিমান দুর্ঘটনা নিয়ে এবার মুখ খুলেছে দেশের শীর্ষ আদালত। এই ঘটনায় অযথা পাইলটদের ঘাড়ে দোষ চাপানোর ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ এবং ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার ও ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনকে (DGCA) তাদের মতামত জানাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
কী ঘটেছিল সেই মর্মান্তিক দিনে?
গত ১২ জুন, গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান। দুর্ঘটনার পর বিমানটি একটি হোস্টেলের ছাদে আছড়ে পড়ে। এদিনের দুর্ঘটনায় বিমানের এক যাত্রী বাদে ২৬০ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বিমানের যাত্রী এবং রাস্তার সাধারণ মানুষও ছিলেন। দুর্ঘটনার কারণ নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। এমনকি, দুর্ঘটনার জন্য পাইলটদের দিকে আঙুল তোলা হয়। দুই পাইলটের কথোপকথনের একটি অডিও ক্লিপও সামনে আসে, যেখানে একজন পাইলটকে অপরজনকে বলতে শোনা যায়, “সুইচ বন্ধ করলে কেন?” এর জবাবে অন্যজন বলেন, “আমি কিছু করিনি।” এই কথোপকথন রহস্য আরও বাড়িয়ে তোলে।
সুপ্রিম কোর্টের কড়া মনোভাব
এই ঘটনায় দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার শুনানিতে সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চ এই মন্তব্য করে। বিচারপতিরা বলেন, “এইভাবে পাইলটদের ত্রুটির দিকে ইঙ্গিত করা দুর্ভাগ্যজনক ও দায়িত্বজ্ঞানহীন।” আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে এভাবে কারও ঘাড়ে দোষ চাপিয়ে দায় এড়ানো যায় না। আদালতের এই মন্তব্যের পর দুর্ঘটনার কারণ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার আসল কারণ জানতে এবার কেন্দ্র এবং ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের মতামত চেয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নোটিশ পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে। এই পদক্ষেপের ফলে আশা করা হচ্ছে, দুর্ঘটনার পেছনের আসল কারণ সামনে আসতে পারে। এখন দেখার, এই মামলার জল কতদূর গড়ায় এবং এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার আসল রহস্য আদৌ প্রকাশিত হয় কি না।