আয়ের চেয়ে বেশি সম্পত্তি! রাহুল গান্ধির অস্বস্তি বাড়িয়ে সুপ্রিম কোর্টে সিবিআই-ইডি তদন্তের মামলা

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সম্পত্তির উৎস ও পরিমাণ নিয়ে দীর্ঘ আইনি টানাপোড়েন এবার গড়াল দেশের সর্বোচ্চ আদালতে। নিজের আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি থাকার অভিযোগে যে তদন্তের নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট, সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। জানা গিয়েছে, আগামী ১৭ আগস্ট প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
ঠিক কী অভিযোগ? কর্নাটকের বিজেপি কর্মী এস ভিগনেশ শিশির প্রথম এই মামলাটি দায়ের করেছিলেন। অভিযোগ ওঠে, কংগ্রেস নেতার কাছে যে পরিমাণ সম্পত্তি রয়েছে, তা তাঁর ঘোষিত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই অভিযোগের ভিত্তিতেই গত মে মাসে এলাহাবাদ হাইকোর্ট ইডি (ED) ও সিবিআই (CBI)-কে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল।
হাইকোর্টের অসন্তোষ ও তৎপরতা: গত ২০ জুলাই এই মামলার শুনানিতে সিবিআই-এর দেওয়া হলফনামায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ ছিল, সিবিআই সঠিক পথে তদন্ত করছে না এবং হলফনামায় প্রয়োজনীয় ব্যাখ্যার অভাব রয়েছে। এরপরই সিবিআই-এর দুর্নীতি দমন শাখার শীর্ষ কর্তাকে নতুন করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। এমনকি, ইডি-কেও আইন অনুযায়ী স্বাধীনভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ছাড়পত্র দেয় আদালত।
সংবেদনশীল এই মামলা: মামলার গুরুত্ব ও সংবেদনশীলতা বিচার করে এলাহাবাদ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, এই সংক্রান্ত সমস্ত কেস রেকর্ড একটি সিল করা খামে একজন উচ্চপদস্থ রেজিস্ট্রারের হেফাজতে রাখতে হবে। এছাড়া ডিওপিটি (DoPT), কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাজস্ব দফতর, কর্পোরেট বিষয়ক মন্ত্রক এবং এসএফআইও (SFIO)-কেও পাল্টা হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রাহুল গান্ধির বিরুদ্ধে এই বিজেপি কর্মী এস ভিগনেশ শিশিরের এটিই প্রথম অভিযোগ নয়; এর আগেও তাঁর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের মতো বিতর্কিত অভিযোগ তুলে মামলা করেছিলেন এই মামলাকারী। এখন সুপ্রিম কোর্ট রাহুল গান্ধির এই পিটিশনের প্রেক্ষিতে কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে জাতীয় রাজনীতি।