আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়েনি! ভুয়ো খবরে কান না দিতে সতর্ক করল আয়কর দফতর

গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুয়ো বলে জানাল আয়কর বিভাগ। সোমবার একটি বিজ্ঞপ্তিতে তারা স্পষ্ট জানিয়ে দেয় যে, আইটিআর জমার শেষ তারিখ এখনও ১৫ সেপ্টেম্বর, ২০২৫। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর খবরটি ভিত্তিহীন।

আয়কর দফতর একটি জাল নোটিসের বিষয়েও সতর্ক করেছে। ওই নোটিসে দাবি করা হয়েছিল, কেন্দ্রীয় আয়কর বোর্ড আইটিআর ফাইলিংয়ের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এই ধরনের ভুয়ো খবরের বিষয়ে সচেতন থাকতে এবং শুধুমাত্র অফিসিয়াল ইনকাম ট্যাক্স ইন্ডিয়া অ্যাকাউন্টের ওপর নির্ভর করার পরামর্শ দিয়েছে।

আয়কর সংক্রান্ত কোনো জিজ্ঞাসার জন্য করদাতাদের ২৪/৭ চালু থাকা হেল্পডেস্কে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

আয়কর বিভাগ তাদের এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ইতিমধ্যে ৬ কোটিরও বেশি আইটিআর ফাইল করা হয়েছে। তারা করদাতা ও পেশাদারদের ধন্যবাদ জানিয়ে সবাইকে যত তাড়াতাড়ি সম্ভব আইটিআর জমা করার অনুরোধ করেছে, যাতে শেষ মুহূর্তের তাড়াহুড়ো এড়ানো যায় এবং জরিমানা থেকে রক্ষা পাওয়া যায়।