আয়কর রিটার্ন জমার আজই শেষ দিন! জমা না দিলে কী হবে?

আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার সময়সীমা আজ, ১৫ সেপ্টেম্বর শেষ হচ্ছে। ৩১ জুলাইয়ের পর সময় বাড়ানো হলেও আর কোনো সুযোগ দেওয়া হয়নি। যদি আপনি এখনও আয়কর রিটার্ন ফাইল না করে থাকেন, তবে এর জন্য আপনাকে জরিমানা এবং অতিরিক্ত চার্জ দিতে হতে পারে।

জরিমানার নিয়ম:

যদি আপনি আজকের মধ্যে আইটিআর জমা না দেন, তাহলে চলতি অর্থবর্ষের জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আপনি বিলম্বিত আইটিআর (Belated ITR) জমা দিতে পারবেন। কিন্তু এর জন্য আপনাকে ধারা ২৩৪এফ অনুযায়ী জরিমানা দিতে হবে।

যদি আপনার বার্ষিক আয় ৫ লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে ১ হাজার টাকা জরিমানা দিতে হবে।

যাদের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার বেশি, তাদের ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে।

৩১ ডিসেম্বরের পর কী হবে?

যদি আপনি ৩১ ডিসেম্বরের পরেও আয়কর জমা না দেন, তাহলে জরিমানার পাশাপাশি প্রতি মাসে ১ শতাংশ হারে সুদও দিতে হবে। এছাড়াও, আপনি আয়কর ছাড়ের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হবেন। পুরনো বা নতুন আয়কর কাঠামোর মধ্যে বেছে নেওয়ার সুযোগও পাবেন না এবং আপনার ট্যাক্স রিফান্ড পেতেও দেরি হবে।

কীভাবে আয়কর জমা দেবেন?

আয়কর জমা দেওয়ার জন্য আপনার সমস্ত প্রয়োজনীয় নথি, যেমন ফর্ম ১৬, ফর্ম ২৬এএস, এবং ব্যাঙ্ক ইন্টারেস্ট সার্টিফিকেট সঙ্গে রাখুন। আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে এই নথিগুলো জমা দেওয়া যায়। জমা দেওয়ার পর তথ্যগুলো সঠিক আছে কি না, তা ভালো করে যাচাই করে নিন।