‘আমেরিকা ধারেকাছেও ঘেঁষতে দেয় না, অথচ বিক্রির কথা বলছে!’ মার্কিন জেনারেলের সামনেই এফ-৩৫ নিয়ে চরম খোঁচা বায়ুসেনা প্রধানের

যোধপুরের মাটিতে আয়োজিত বহুদেশীয় বায়ুসেনা মহড়া ‘তরঙ্গ শক্তি-২০২৬’-এর মঞ্চে আমেরিকার বিরুদ্ধে এক হাত নিলেন ভারতের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং। মার্কিন প্যাসিফিক এয়ার ফোর্সের কমান্ডারের ঠিক সামনেই অত্যন্ত কড়া ভাষায় তিনি কটাক্ষ করে বলেন, আমেরিকা তাদের অত্যাধুনিক এফ-৩৫ (F-35) স্টেলথ ফাইটার জেটের ধারেকাছেও ভারতীয় আধিকারিকদের ঘেঁষতে দেয় না, অথচ মুখে সেগুলি ভারতের কাছে বিক্রির কথা বলে!

শনিবার রাজস্থানের যোধপুরে সফলভাবে শেষ হয়েছে ‘তরঙ্গ শক্তি-২০২৬’ মহড়া। এই মহড়ার ফাঁকে মার্কিন প্যাসিফিক এয়ার ফোর্সের কমান্ডার জেনারেল কেভিন স্নাইডারের সঙ্গে একটি যৌথ সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছিলেন ভারতের বায়ুসেনা প্রধান। আর সেখানেই মার্কিন দ্বিমুখী নীতির বিরুদ্ধে এই খোঁচা দেন তিনি। উল্লেখ্য, এই প্রথমবার আমেরিকার ছ’টি এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান ভারতের এই মহড়ায় অংশ নিতে ভারতে এসেছিল।

আমেরিকা ভারতকে পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান বিক্রির কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে কি না, সেই সংক্রান্ত প্রশ্নের জবাবে হাসতে হাসতেই এপি সিং বলেন, “আপনাদের দেশের লোকজন তো আমাদের ওই বিমানটার ধারেকাছেও ঘেঁষতে দেয় না, আর আপনারা তা আমাদের কাছে বিক্রির কথা বলছেন!” তিনি জানান, মার্কিন সেনা বিমানের ককপিট দেখতে দেয়নি, তবে কেবল কাছাকাছি ক্লোজ ফরমেশনে ওড়ার অনুমতি মিলেছিল। এই দেশগুলি এভাবেই তাদের সংবেদনশীল সামরিক প্রযুক্তি রক্ষা করে থাকে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে, মার্কিন কমান্ডার জেনারেল কেভিন স্নাইডার সাফাই দিয়ে জানান, এফ-৩৫ সংক্রান্ত তথ্য শেয়ার করার বিষয়টি তাঁর একার সিদ্ধান্তের ওপর নির্ভর করে না; বরং তা নির্ভর করে কঠোর প্রোগ্রাম স্তরের নিরাপত্তা নির্দেশিকার ওপর।

পাশাপাশি, এই সাংবাদিক বৈঠকেই রাশিয়ার প্রস্তাব নিয়ে মুখ খুলেছেন বায়ুসেনা প্রধান। তিনি নিশ্চিত করে জানিয়েছেন যে, মস্কো তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘সুখোই-৫৭’ (Su-57) ভারতের কাছে অফার করেছে। তবে ভারতের অন্তর্বর্তীকালীন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কেনা বা এই সংক্রান্ত প্রস্তাব নিয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে স্পষ্ট করে দিয়েছেন এপি সিং।