‘আমি কি চাকর?’ টিকিট বিভ্রাটের মাঝেই বেলেঘাটায় কুণাল ঘোষের মুখে কার আশীর্বাদ?

২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় সবচেয়ে বড় চমক বেলেঘাটা কেন্দ্র। দীর্ঘদিনের বিধায়ক পরেশ পালের বদলে এবার সেখানে ঘাসফুল শিবিরের বাজি কুণাল ঘোষ। প্রার্থী তালিকা ঘোষণার পরদিন বুধবার সকালেই প্রচারে নেমে ঝড় তুললেন তিনি। তবে পরেশ পালকে বাদ দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চললেও কুণাল ঘোষ কিন্তু সুর নরমই রাখছেন।

এদিন প্রচারের ফাঁকে কুণাল বলেন, “পরেশদা আমার বড় দাদা। তাঁর আশীর্বাদ নিয়েই আমি লড়াইয়ে নেমেছি। তিনি আমার সঙ্গে প্রচারেও থাকবেন।” এলাকাটি তাঁর ‘হোম কনস্টিটিউয়েন্সি’ দাবি করে তিনি জানান, সিনিয়র নেতা থেকে কাউন্সিলর—সকলেই তাঁকে গাইড করবেন। কুণালের স্পষ্ট বার্তা, “কে প্রার্থী সেটা বড় কথা নয়, আমাদের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ২৫০-র বেশি আসন নিয়ে চতুর্থবার নবান্নে ফেরানো।”

নির্বাচনী তপ্ত আবহে ‘SIR’ (এসআইআর) ইস্যু নিয়ে বিজেপিকে তুলোধোনা করেন কুণাল। তাঁর দাবি, এটি ভোটারদের হেনস্থা করার জন্য বিজেপির একটি বিরাট ষড়যন্ত্র। উল্লেখ্য, এবারের ২৯১ আসনের তালিকায় ১৪১ জন নতুন মুখ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাদ পড়েছেন ৪ জন মন্ত্রী এবং একঝাঁক তারকা বিধায়ক। গ্ল্যামারের বদলে এবার লড়াকু রাজনীতিবিদদের ওপরই ভরসা রেখেছে কালীঘাট।