‘আমি এটি বন্ধ করে দিতে পারি, অথবা নাও পারি!’ টিকটকের ভবিষ্যৎ নিয়ে কী বললেন ডোনাল্ড ট্রাম্প?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নির্ভর করছে চিনের উপর। অর্থাৎ, এই জনপ্রিয় অ্যাপটির বিষয়ে আমেরিকার আর কোনও আপত্তি নেই বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্পের এই মন্তব্যে একদিকে যেমন অনিশ্চয়তা তৈরি হয়েছে, অন্যদিকে তেমনি এই অ্যাপটির ভাগ্য নির্ধারণের বল এখন চিনের কোর্টে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নিউ জার্সিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “আমি পারি, আবার নাও পারি। আমরা এখন টিকটক নিয়ে আলোচনা করছি। আমরা এটিকে বন্ধ করে দিতে পারি, অথবা আমি জানি না। এটা চিনের উপর নির্ভর করে। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আমি বাচ্চাদের জন্য এটা করতে চাই। তারা এটা পছন্দ করে।”
ট্রাম্প আরও বলেন, “স্বার্থপরের মতো কথা বললে, আমি টিকটক নিয়ে খুব ভালো করেছি, এবং আমি তরুণদের ভোট পেয়েছি। আমি এমন সংখ্যা পেয়েছি যা রিপাবলিকান পার্টিতে কেউ কখনও পায়নি, কেউ না।”
‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, ১৭ সেপ্টেম্বরের মধ্যে ট্রাম্পকে হয় টিকটককে তার চীনা মালিক, বাইটড্যান্স থেকে আলাদা করার আইন প্রয়োগ করতে হবে অথবা তাকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার মুখোমুখি হতে হবে।
টিকটকের সঙ্গে চিনের সম্পর্ককে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করা হয়। গত বছর কংগ্রেস এই আইন পাশ করেছিল যে, যদি টিকটক কোনও অ-চিনা মালিক খুঁজে না পায়, তাহলে সেটিকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে। এরপর থেকে ট্রাম্প তিনবার এই আইন প্রয়োগের সময়সীমা বাড়িয়েছেন।
চিনের সঙ্গে আমেরিকার বাণিজ্য সম্পর্ক নিয়েও সংঘাত চলছে। ট্রাম্প চীনা আমদানির ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন, যদিও পরে তা ৩০ শতাংশে কমিয়ে আনেন। এর জবাবে চিন আমেরিকান পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এই পরিস্থিতিতে, টিকটক নিয়ে ট্রাম্পের মন্তব্য নতুন করে জল্পনা তৈরি করেছে।