‘আমরা ভুল করেছি’! নন্দীগ্রাম দিবসে শুভেন্দুর বিস্ফোরক স্বীকারোক্তি— কাকে উদ্দেশ্য করে তোপ?

‘নন্দীগ্রাম দিবস’ উপলক্ষে গোকুলনগরের করপল্লিতে বিজেপির শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচিতে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি ইঙ্গিত করেন যে, ২০১১ সালে পশ্চিমবঙ্গে পরিবর্তন আনার ক্ষেত্রে তাঁরা ভুল করেছিলেন। শুভেন্দু বলেন, “আসল পরিবর্তন ১১ সালে হয়নি। আমরা ভুল করেছি, একজন পরিবারবাদী, দুর্নীতিগ্রস্থ, বেকারদের সর্বনাশকারী, হিন্দু নিধনকারী, এবং কার্যত উত্তর কোরিয়ার প্রশাসকের মতো, প্রতিহিংসাপরায়ণকারী ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে আমাদেরও অবদান ছিল। জনগণকে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব।”
একই দিনে, একই স্থানে তৃণমূল ও বিজেপি পৃথক মঞ্চে শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি পালন করে। ২০০৭ সালের আন্দোলনের স্মৃতিতে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে এই দিনটি পালিত হলেও, শুভেন্দু অধিকারীর দল পরিবর্তনের পর থেকে দুই দলের কর্মসূচি আলাদা।
শুভেন্দু আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে মুখ্যমন্ত্রী করতে পারেননি, বরং ‘ভাইপোর পিসি’ হতে পেরেছেন এবং ‘মৌলবাদীদের নেত্রী’ হতে পেরেছেন। তিনি অভিযোগ তোলেন যে, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও, যাঁরা তাঁর সাথে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁদের ক্ষতিপূরণের টাকা (৫ লক্ষ টাকার বদলে ৪ লক্ষ টাকা) মমতা সরকার দেননি। শুভেন্দু দাবি করেন, “তিন বছর ধরে আমার রোজগারের অর্থ থেকে, বিশ হাজার ত্রিশ হাজার করে করে, ওই চার জনকে ষোলো লক্ষ টাকা আমি দিয়েছি।”
তৃণমূলের সভায় পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব উপস্থিত থাকবেন। উল্লেখ্য, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি ১৪ মার্চের পাশাপাশি ১০ নভেম্বরকেও ‘নন্দীগ্রাম দিবস’ হিসেবে পালন করে, যেদিন গুলি চলার অভিযোগ ওঠে এবং বেশ কয়েকজন হতাহত হন।