‘আমরা ভারত, রাশিয়াকে হারালাম!’ SCO বৈঠকের পর দাবি ট্রাম্পের, দেখে চমকে উঠলেন সকলে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও একটি বিতর্কিত মন্তব্য করে আন্তর্জাতিক মহলে শোরগোল ফেলে দিয়েছেন। সাম্প্রতিক সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) বৈঠকের পর তিনি তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একসঙ্গে ছিলেন।

ছবিটির ক্যাপশনে ট্রাম্প লিখেছেন, “দেখে মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে হারালাম, যারা এখন অন্ধকার চীনের দিকে পা বাড়াচ্ছে। আশা করি ওদের দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ হোক।” তাঁর এই মন্তব্য ভারত ও আমেরিকার সম্পর্কের টানাপোড়েন আরও বাড়িয়ে দিয়েছে।

অনেক বিশ্লেষকের মতে, গত দুই দশকে ভারত-মার্কিন সম্পর্ক এখন সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এমনকি, রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রেও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। এই বাণিজ্যিক চাপানউতোরের মধ্যে ট্রাম্পের এই মন্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনও এই বিষয়ে সতর্ক করে বলেছেন, কেবল ব্যক্তিগত সম্পর্ক দিয়ে সংকট সামলানো যায় না। তিনি মনে করেন, ভারত, রাশিয়া এবং চীনের মধ্যে নতুন করে গড়ে ওঠা সম্পর্ককে ট্রাম্পের মন্তব্য প্রভাবিত করতে পারে।

এই পরিস্থিতিতে ভারত-আমেরিকা সম্পর্ক কোন দিকে এগোবে, তার দিকে এখন পুরো বিশ্বের নজর।