‘আমরা চিরকালই বন্ধু থাকব!’ মোদিকে মহান আখ্যা ট্রাম্পের, পাল্টা বার্তা প্রধানমন্ত্রীর, সম্পর্কের বরফ গলছে কি?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে হঠাৎ ভারতের প্রশংসা শোনা যাওয়ার পর এবার পাল্টা ইতিবাচক মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে ট্রাম্পের উদ্দেশ্যে মোদী বলেন, ট্রাম্পের এই ইতিবাচক বক্তব্যের প্রতিদান তিনি দেবেন। এর ফলে ভারত এবং আমেরিকার মধ্যে টানাপোড়েনে ভরা সম্পর্কে নতুন করে আশার আলো দেখা দিয়েছে।
শনিবার নিজের এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্ক নিয়ে তার ইতিবাচক বক্তব্যের প্রশংসা করি। আমরা এমন বক্তব্যের সম্পূর্ণ প্রতিদান দেব।” তিনি আরও জানান, ভারত ও আমেরিকার সম্পর্ক অত্যন্ত ইতিবাচক, ভবিষ্যৎমুখী এবং কৌশলগত অংশীদারিত্বের উপর নির্ভরশীল।
শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প হঠাৎ সুর বদলে বলেন, “আমরা ভারতকে হারিয়ে ফেলিনি তো! প্রধানমন্ত্রী মোদী আমার খুব ভালো বন্ধু, চিরদিন সে আমার বন্ধু থাকবে। উনি একজন মহান প্রধানমন্ত্রী।” তিনি আরও বলেন, আমেরিকা ও ভারতের মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে এবং এতে ভয় পাওয়ার কিছু নেই। ট্রাম্প মোদীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে বলেন যে, মোদী দু’মাস আগে আমেরিকা এসেছিলেন এবং তারা একসঙ্গে সাংবাদিক বৈঠকও করেছেন।
চিনে সাংহাই সহযোগিতা পরিষদের বৈঠকের পর ট্রাম্পের হঠাৎ ভোলবদল কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দুই রাষ্ট্রনেতার এই পারস্পরিক ইতিবাচক মন্তব্যের ফলে ভারত-আমেরিকা সম্পর্কের বরফ হয়তো গলতে শুরু করেছে।