আপ-এ বড়সড় ডামাডোল! রাজ্যসভায় অপসারিত রাঘব চাড্ডা, কেজরিওয়ালের গুডবুক থেকে কি বাদ পড়লেন অভিনেতা-জামাই?

আম আদমি পার্টির (AAP) অন্দরমহলে বড়সড় রদবদল। রাজ্যসভায় দলের উপনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হলো তরুণ ও প্রভাবশালী সাংসদ রাঘব চাড্ডাকে। তাঁর পরিবর্তে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ অশোক মিত্তলকে। আপ নেতৃত্বের পক্ষ থেকে ইতিমধ্যেই রাজ্যসভা সচিবালয়কে আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

রাঘব চাড্ডার এই পদচ্যুতি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। বিশেষ করে আবগারি নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়া আদালত থেকে স্বস্তি পাওয়ার পরও রাঘবকে কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। সোশ্যাল মিডিয়াতেও তিনি সম্পূর্ণ নীরব ছিলেন। এমনকি যন্তরমন্তরে কেজরিওয়ালের মেগা জনসভা কিংবা দলের গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকগুলোতেও তাঁর অনুপস্থিতি নজর কেড়েছে সবার।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের কঠিন সময়ে রাঘবের এই ‘রহস্যময় নীরবতা’ ও ‘অনুপস্থিতি’ ভালো চোখে দেখেনি আপ শীর্ষ নেতৃত্ব। সংসদের ভেতরে ও বাইরে দলের অন্যতম পরিচিত মুখ হওয়া সত্ত্বেও কেন তাঁকে সরিয়ে দেওয়া হলো, তা নিয়ে দলের ভেতরেই প্রশ্ন উঠছে। অশোক মিত্তলকে সামনে এনে দল কি কোনও নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে? নাকি রাঘবের সঙ্গে কেজরিওয়ালের দূরত্ব আরও বাড়ল? এই রদবদল আপ-এর ভবিষ্যৎ রাজনীতিতে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।