“আপনার টিকিও খুঁজে পাওয়া যাবে না!” SIR নিয়ে মিথ্যা প্রচার রুখতে যাওয়া বিধায়ককে প্রকাশ্য সভায় তৃণমূল নেতার চরম হুঁশিয়ারি

সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়ার ইন্দাস ব্লকেও ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ার ফর্ম বিতরণ শুরু হতেই তৃণমূল ও বিজেপি-র মধ্যে রাজনৈতিক সংঘাত তীব্র আকার নিয়েছে। SIR-এর নামে বিজেপি মানুষকে হয়রান করছে—এই অভিযোগ তুলে তৃণমূল টোটোয় চড়ে প্রচার চালাচ্ছিল। এই প্রচার ঘিরে স্থানীয় বিজেপি বিধায়ক এবং তৃণমূলের ব্লক সভাপতির মধ্যে চরম বাকযুদ্ধ শুরু হয়েছে।

গতকাল, ইন্দাস থানার কুশমুড়ি গ্রামে তৃণমূলের প্রচার টোটো গেলে স্থানীয় বিজেপি বিধায়ক নির্মল ধাড়া সেই কর্মীদের ধমক-চমক দেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে গতকাল বিকেলে বিধায়কের গ্রাম কুশমুড়ি বাজারে প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল নেতৃত্ব।

সেই সভা থেকেই তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদ বিধায়ককে উদ্দেশ্য করে নজিরবিহীন ভাষায় হুমকি দেন। তিনি বলেন, “ধমক চমক দেবেন না। তৃণমূল কর্মীরা লাঠি ধরতে ভুলে যায়নি। শুধু লাঠি ধরতে বারণ আছে। লাঠি ধরলে আপনার গাড়ি আসত থাকবে না, আপনার টিকিও খুঁজে পাওয়া যাবে না। আপনার অনুগামীদের খবর নেওয়ার জন্যেও কেউ থাকবে না।” ২০১১ সালের আগে এলাকা থেকে সিপিএমের ‘হার্মাদ’ তাড়ানোর প্রসঙ্গ টেনে তিনি এই হুঁশিয়ারি দেন।

তৃণমূল ব্লক সভাপতির এই হুমকির জবাবে পাল্টা কটাক্ষ করেছেন স্থানীয় বিজেপি বিধায়ক নির্মল ধাড়া। তাঁর দাবি, তিনি কোনও বাধা দেননি। তিনি শুধু তৃণমূল কর্মীদের মিথ্যা প্রচার করতে নিষেধ করেছিলেন। তৃণমূল যদি এরপরও বাড়াবাড়ি করে, তাহলে তার ফল খারাপ হবে। বিধায়ক বলেন, “আমি ওদের বলেছি এসেছ চা খাও-মুড়ি খাও মিথ্যা প্রচার করো না। এরপর তৃণমূল যদি ইট মারে, তো তাদের জেনে রাখা উচিত তারা পাটকেল খাবে।”