আনন্দমেলার আগেই অশান্তি! বিশ্বভারতীর দুই ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে আহত বেশ কয়েকজন, উত্তেজনা ক্যাম্পাসে

মহালয়ার দিন বিশ্বভারতীর অন্যতম আকর্ষণ হলো ঐতিহ্যবাহী আনন্দমেলা। প্রতিবছরের মতো এ বছরও গৌরপ্রাঙ্গণে তার প্রস্তুতি চলছিল। কিন্তু উৎসবের আগেই হঠাৎ উত্তপ্ত হয়ে উঠল পরিবেশ। জায়গা দখল নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই ছাত্রগোষ্ঠী— যোগা ও কৃষি বিভাগের পড়ুয়ারা। প্রথমে তীব্র বাদানুবাদ শুরু হলেও দ্রুত তা হাতাহাতি এবং বাঁশ নিয়ে মারামারিতে গড়ায়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন ছাত্র।

গুরুতর আহত দুই ছাত্র, হাসপাতাল পর্যন্ত গড়াল ঘটনা

সংঘর্ষে কৃষি বিভাগের এক ছাত্রের মাথা ও নাক ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর এক ছাত্রও গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় গোটা ক্যাম্পাসে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে ছুটে আসেন গৌরপ্রাঙ্গণে উপস্থিত নিরাপত্তারক্ষীরা। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিশ্বভারতী সূত্রে খবর, মেলায় স্টলের জন্য বাঁশ পোঁতার কাজ নিয়েই এই উত্তেজনা তৈরি হয়েছিল। তারই জেরে দুই বিভাগের ছাত্রদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই অশান্তি বিশ্বভারতীর শান্তি ও ঐতিহ্যের প্রতি আঘাত বলে মনে করছেন স্থানীয়রা।

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানিয়েছেন, যারা এই অশান্তি ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আহত ছাত্রদের চিকিৎসার খোঁজখবরও রাখা হচ্ছে।

প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে চলে আসা এই আনন্দমেলা এক দিনের জন্য আয়োজিত হয়। এই মেলায় পড়ুয়ারা নিজেদের হাতে তৈরি খাবার ও শিল্পসামগ্রী বিক্রি করে। সেই আয়ের একটি অংশ পাঠভবনের তহবিলে জমা পড়ে, যা দুঃস্থ শিক্ষার্থীদের সাহায্যে ব্যবহৃত হয়। তাই এই মেলা ঘিরে পড়ুয়াদের মধ্যে বরাবরই উৎসাহ তুঙ্গে থাকে। কিন্তু এবারের এই অপ্রত্যাশিত ঘটনায় মেলার প্রস্তুতিতে বড়সড় ধাক্কা লেগেছে।