স্থায়ী কর্মী নেই, তালাবন্ধ ঘর! জেলা আদালতের ক্রেস নিয়ে রাজ্যকে চরম নির্দেশ হাইকোর্টের

রাজ্যের সমস্ত জেলা আদালতের শিশু দিবসদন বা ক্রেস (creche) ব্যবস্থা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে কঠোর পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যের সব জেলা আদালতকে ক্রেস সংক্রান্ত সমস্ত পদক্ষেপের বিশদ বিবরণ দিয়ে হলফনামা জমা দিতে হবে। জেলা আদালত চত্বরের নির্দিষ্ট সীমানার মধ্যেই এই ক্রেসগুলি গড়ে তোলা হচ্ছে কি না, তা স্পষ্টভাবে রিপোর্টে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, ক্রেসগুলিতে ন্যূনতম দু’জন প্রশিক্ষিত নার্স, চিকিৎসক এবং উপযুক্ত বিশেষজ্ঞ ব্যক্তিকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করতে হবে রাজ্যের স্বাস্থ্য দফতর ও শিশু কল্যাণ দফতরকে। পাশাপাশি, যে সমস্ত জেলা আদালতে ইতিমধ্যে ক্রেসের জন্য সুনির্দিষ্ট স্থান চিহ্নিত করা হয়েছে, সেগুলিকে অবিলম্বে চালু করার জন্য পূর্ত দফতর বা PWD-কে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ৫ জানুয়ারি।

সোমবার মামলার শুনানিমঞ্চে হাইকোর্ট প্রশাসনের পক্ষ থেকে আইনজীবী জানান, আদালতের নির্দেশে কলকাতা হাইকোর্ট চত্বরে ইতিমধ্যেই ক্রেস চালু হয়ে গিয়েছে। তবে রাজ্য সরকারের তরফ থেকে কোনো স্থায়ী কর্মী নিয়োগ করা হয়নি। বর্তমানে যারা দায়িত্বে রয়েছেন, তারা সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবং আগামী ২০২৭ সালের মার্চ মাসেই তাদের চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। অন্যদিকে, নগর দায়রা আদালতে ক্রেসের জন্য সুনির্দিষ্ট স্থান নির্ধারিত থাকা সত্ত্বেও রাজ্য সরকারের পক্ষ থেকে কর্মী ও পরিকাঠামো না দেওয়ায় ঘরটি বর্তমানে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে।

অন্যদিকে, আবেদনকারীর পক্ষের আইনজীবী জোরালো সওয়াল করে জানান, আদালত চত্বরের ভেতরেই শিশুদের ডে কেয়ার বা ক্রেস থাকা বাধ্যতামূলক। কারণ বহু দূর-দূরান্ত থেকে আইনজীবীরা ও আদালতের কর্মীরা তাঁদের আট বছরের কম বয়সি শিশুদের নিয়ে আদালত চত্বরে আসেন। আদালতের প্রাঙ্গণ থেকে ক্রেসের দূরত্ব বেশি হলে কর্মীরা কোনোভাবেই সেখানে শিশুদের রেখে কাজ পরিচালনা করতে পারবেন না।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টেরই এক জনস্বার্থ মামলার জেরে প্রধান বিচারপতির বেঞ্চের কড়া নির্দেশেই এই মহৎ উদ্যোগ শুরু হয়েছিল। জেলা আদালতগুলিতেও সেই নির্দেশ কার্যকর করতে এবার কড়া নজরদারি শুরু করল উচ্চ আদালত।