আচমকাই জলে ছড়ালো বিদ্যুৎ! বেঙ্গালুরুর বিলাসবহুল হোটেলে হাহাকার, বাঁচতে গিয়ে জখম কর্মীরাও!

পাঁচতারা হোটেলের সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে ঘটল চরম বিপত্তি! জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো দুই বিদেশি নাগরিকের। শুক্রবার বেঙ্গালুরুর উলসুরের নামী ‘কনরাড হোটেল’-এর তিন তলায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। পুলের জলে ছটফট করতে থাকা ওই দুই পর্যটককে বাঁচাতে গিয়ে আশঙ্কাজনকভাবে আহত হয়েছেন হোটেলের দুই কর্মচারীও।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বিদেশি পর্যটকদের মধ্যে একজন হলেন জার্মানির নাগরিক তথা বিখ্যাত আন্তর্জাতিক বিমান সংস্থা ‘লুফথানসা’ (Lufthansa)-র ক্রু মেম্বার আলেকজান্ডার ম্যাক্সিমিলিয়ান থেইস (৫৭)। অন্য মৃত ব্যক্তি হলেন স্লোভাকিয়ার নাগরিক ইউরাই হোরভাট (৪৫)।
অন্যদিকে, বিপদের চরম মুহূর্তে ওই দুই বিদেশি নাগরিককে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন হোটেলের মার্কিন নাগরিক কর্মচারী ম্যাথিউ ডিসান্টিস (৪১) এবং প যৌথ লাইফগার্ড ও পুল অ্যাটেনডেন্ট রাহুল তিওয়ারি (২৮)।
ঘটনার সময়ে সুইমিং পুলে থাকা ওই দুই পর্যটককে অস্বাভাবিক অবস্থায় ছটফট করতে দেখে দ্রুত উদ্ধারে এগিয়ে যান হোটেলের দুই কর্মী। তাঁরা তৎক্ষণাৎ হোটেল কর্তৃপক্ষকেও বিষয়টি জানান। অত্যন্ত তৎপরতার সঙ্গে চারজনকেই উদ্ধার করে নিকটস্থ মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা দুই বিদেশি পর্যটককে মৃত বলে ঘোষণা করেন। আহত দুই কর্মীর বর্তমানে চিকিৎসা চলছে এবং তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এই ঘটনার পর বেঙ্গালুরু পুলিশের পূর্ব বিভাগের ডিসিপি জানিয়েছেন, পুরো ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে। বিলাসবহুল এই হোটেলের পুলের জলে কীভাবে বিদ্যুৎ ছড়ালো, তা খতিয়ে দেখতে হোটেল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মচারীদের টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, সুইমিং পুল সংলগ্ন লাইটিং বা ইলেকট্রিক লাইনে শর্ট-সার্কিটের ফলেই এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। পাঁচতারা হোটেলের এমন মারাত্মক গাফিলতি নিয়ে ইতিমধ্যেই বড় প্রশ্ন উঠতে শুরু করেছে।