আত্মীয়দের ট্রেনেই ছাড়তে গেলেন, বন্দে ভারতের দরজা বন্ধ হতেই ঘটে গেল বিরাট বিপত্তি! গুনতে হলো ৩৬ হাজার টাকা জরিমানা

আত্মীয়দের সি-অফ করতে গিয়ে ঘটে গেল এক অদ্ভুত ও বিপাকে ফেলা ঘটনা। বেনারস থেকে নয়াদিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেসে আত্মীয়দের কেবল সিটে বসিয়ে দিতে গিয়ে ভেতরেই আটকে পড়লেন ১২ জন ব্যক্তি। ট্রেনের স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যাওয়ায় আর নামার সুযোগ পাননি তাঁরা। বাধ্য হয়ে বিনা টিকিটে প্রায় ১৩৯ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় তাঁদের এবং শেষ পর্যন্ত বড় অঙ্কের জরিমানা গুনতে হয়।

রেল সূত্রে জানা গিয়েছে, কানপুর সেন্ট্রাল স্টেশনে বেনারস-নয়াদিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে (ট্রেন নম্বর ২২৪১৫) নিজেদের আত্মীয়দের ট্রেনে তুলে দিতে বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন ওই ১২ জন। পরিবারের সদস্যদের নির্দিষ্ট আসনে বসতে সাহায্য করতে তাঁরা কামরার ভেতরে প্রবেশ করেছিলেন। কিন্তু কানপুর থেকে ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গেই বন্দে ভারতের স্বয়ংক্রিয় দরজাগুলি আপনাআপনি লক হয়ে যায়। ভেতরে শিশু ও মহিলারাও থাকায় মুহূর্তের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ট্রেন চলাকালীন দরজা খোলার কোনো সুযোগ না থাকায় শেষ পর্যন্ত ওই ১২ জনকে ইটাওয়া পর্যন্ত পুরো ১৩৯ কিলোমিটার পথ বিনা টিকিটে ভ্রমণ করতে হয়। গন্তব্যে পৌঁছনোর পর রেল কর্তৃপক্ষ তাঁদের বিনা টিকিটে ভ্রমণের দায়ে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করে এবং আইনি পদক্ষেপ নেয়।

উত্তর মধ্য রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবম শর্মা জানান, বন্দে ভারত ট্রেনগুলিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় দরজা ব্যবস্থা রয়েছে এবং যাত্রীদের সুরক্ষার স্বার্থে ও নিয়মানুযায়ী ট্রেন ছাড়ার সময় বাইরের লোকজনের কোচের ভেতরে থাকা নিষিদ্ধ। প্ল্যাটফর্ম টিকিট ছাড়াই আত্মীয়দের ট্রেনে তুলে দিতে গিয়ে অসাবধানতাবশত এই বিপত্তি ঘটেছে বলে জানিয়েছে রেল।