অষ্টম বেতন কমিশনে বড় চমক! ৭% হারে বার্ষিক বেতন বাড়লে কর্মীদের পকেটে ঢুকবে অতিরিক্ত ২৯ লক্ষ টাকা?

অষ্টম বেতন কমিশনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের প্রত্যাশা দিন দিন চড়ছে। জয়পুরে সদ্য সমাপ্ত কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হওয়ার পরেই সামনে এসেছে বড় ধরনের আর্থিক অনুমানের তথ্য। পরবর্তী বৈঠক আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর চেন্নাইতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, জয়পুরের আলোচনা থেকেই মূল কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্টের বিষয়টি। মুদ্রাস্ফীতির বাজারে জীবনযাত্রার খরচ যেভাবে বাড়ছে, তাতে বর্তমান ৩ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির হার একেবারেই অপ্রতুল বলে দাবি তুলছেন কর্মচারী প্রতিনিধিরা।

জয়পুরের বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন ইউনিয়ন এবং অল ইন্ডিয়া নিউ পেনশন স্কিম এমপ্লয়িজ ফেডারেশন (AINPSEF) জোরালোভাবে দাবি তুলেছে যে, সরকারের উচিত বার্ষিক বেতন বৃদ্ধির হার ৩ শতাংশ থেকে বাড়িয়ে অন্তত ৭ শতাংশে উন্নীত করা। এই প্রস্তাব যদি শেষ পর্যন্ত অষ্টম বেতন কমিশনে গৃহীত হয়, তবে কর্মচারীদের বার্ষিক আয় এবং অবসরের পেনশনের অঙ্ক রাতারাতি বদলে যেতে পারে।

হিসেব কষে দেখা যাচ্ছে, যদি লেভেল ৮-এর একজন কর্মীর প্রাথমিক মূল বেতন ৪৭,৬০০ টাকা ধরা হয় এবং অষ্টম বেতন কমিশনে ২.১৫ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর করা হয়, তবে তাঁদের মোট মূল বেতন বেড়ে দাঁড়াবে ১,০২,৩৪০ টাকা। এর সঙ্গে মহার্ঘ ভাতা বা ডিএ (DA) এবং গৃহভাড়া ভাতা বা এইচআরএ (HRA) যুক্ত হলে বেতনের বহর আরও অনেকটাই বৃদ্ধি পাবে।

সবচেয়ে চমকপ্রদ তথ্যটি রয়েছে বার্ষিক ৭ শতাংশ ইনক্রিমেন্টের হিসাবের মধ্যে। এই নিয়মে ৫ বছরের একটি চক্র ধরলে দেখা যাচ্ছে, প্রথম বছরে বার্ষিক বেতন হবে ১২,২৮,০৮০ টাকা। এরপর ক্রমান্বয়ে তা বেড়ে দ্বিতীয় বছরে ১৩,১৪,০৪৬ টাকা, তৃতীয় বছরে ১৪,০৬,০২৯ টাকা, চতুর্থ বছরে ১৫,০৪,৪৫১ টাকা এবং পঞ্চম বছরে গিয়ে দাঁড়াবে ১৬,০৯,৭৬২ টাকায়।

বিশেষজ্ঞদের মতে, এই ৭ শতাংশ বৃদ্ধির সুফল যদি টানা দশ বছর ধরে বজায় থাকে, তবে কর্মচারীরা শুধুমাত্র বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির জেরে অতিরিক্ত প্রায় ২৯ লক্ষ টাকা পর্যন্ত বাড়তি পকেটে পুড়তে পারেন। তবে এই মুহূর্তে এটি কর্মচারী সংগঠনগুলির প্রস্তাবের স্তরেই রয়েছে। আগামী দিনে চেন্নাই সহ পরবর্তী বৈঠকগুলোতে এই দাবি নিয়ে কমিশনের অন্দরে কতটা দরকষাকষি হয় এবং চূড়ান্ত সুপারিশে সরকার কী সিলমোহর দেয়, এখন সেই অপেক্ষাতেই দিন গুনছেন কোটি কোটি কেন্দ্রীয় কর্মী।