অষ্টম বেতন কমিশনে কি সরাসরি ১.১২ লক্ষ টাকা হবে বেতন? হিসাব সামনে আসতেই কেন্দ্রীয় কর্মীদের মনে তুফান!

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রত্যাশার পারদ এখন চড়ছে তুঙ্গে। নতুন বেতন কাঠামো কেমন হতে চলেছে এবং হাতে ঠিক কত টাকা বেতন আসবে, তা নিয়ে চলছে জল্পনা। এরই মধ্যে ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসালটেশনের (NC-JCM) স্টাফ সাইডের পক্ষ থেকে ন্যূনতম বেসিক বেতন ৬৯ হাজার টাকা করার জোরালো দাবি তোলা হয়েছে।

পাশাপাশি, বেতন বৃদ্ধির জন্য ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবিত হিসাব অনুযায়ী, সপ্তম বেতন কমিশনের পে লেভেল ৫-এর সর্বনিম্ন বেসিক বেতন ২৯,২০০ টাকা থেকে এক লাফে বেড়ে প্রায় ১.১২ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে! তবে মাথায় রাখতে হবে, এই অঙ্ক বা পরিসংখ্যান এখনই সরকারের তরফে চূড়ান্ত করা হয়নি; এটি সম্পূর্ণভাবেই কর্মচারী সংগঠনগুলির পেশ করা একটি প্রস্তাব।

কমিশনের হাতে কত সময়?

গত ২০২৫ সালের ৩ নভেম্বর কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে অষ্টম বেতন কমিশন গঠন করে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠিত এই তিন সদস্যের অস্থায়ী কমিশনকে সমস্ত দিক পর্যালোচনা করে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য ১৮ মাসের সময়সীমা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে দফায় দফায় আলোচনা করে নতুন বেতন কাঠামো, ফিটমেন্ট ফ্যাক্টর, পেনশন সংস্কার এবং অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়গুলি খতিয়ে দেখছে এই কমিশন। শেষ পর্যন্ত এই বিরাট অঙ্কের দাবি কতটা মান্যতা পায়, সেটাই এখন দেখার বিষয়।