‘বিদেশি শক্তিতেই টিকিটের ওপর টিকে আছেন!’ মোদীকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে কী দাবি করলেন রাহুল গান্ধী?

গুজরাটের একতা নগরে ‘জাতীয় একতা দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া ভাষণকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠল জাতীয় রাজনীতি। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীর মঞ্চ থেকে বিরোধী শিবিরের প্রতি প্রধানমন্ত্রীর তোলা বিস্ফোরক অভিযোগের পাল্টা জবাবে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীকে তীব্র নিশানা করে রাহুল অভিযোগ করেন, বিদেশি শক্তির সাহায্যে ভর করেই মোদী প্রধানমন্ত্রী হয়েছেন এবং এখনও সেই সাহায্যের ওপর ভর করেই সরকার টিকিয়ে রেখেছেন।

গুজরাটের মঞ্চ থেকে মোদীর তোপ

‘স্ট্যাচু অফ ইউনিটি’ প্রাঙ্গণে দাঁড়িয়ে বিরোধী দলগুলিকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “সুস্থ গণতন্ত্রে সরকারের সমালোচনা করা বিরোধীদের কাজ হলেও, তারা আজ কেবল বাধা সৃষ্টিকারী বাহিনীতে পরিণত হয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে হতাশায় ভুগে কিছু রাজনৈতিক শক্তি এখন প্রকাশ্যে দেশকে বিভক্ত করার চক্রান্ত চালাচ্ছে।”

এর পাশাপাশি বিদেশি শক্তির সাথে বিরোধী নেতাদের আঁতাতের ইঙ্গিত দিয়ে মোদী প্রশ্ন তোলেন, “বিদেশে গিয়ে কে কার সঙ্গে গোপনে দেখা করছে? ভারতবিরোধী শক্তিগুলি কাকে মদত দিচ্ছে এবং কাদের গলায় দেশের শত্রুদের ভাষা শোনা যাচ্ছে? এই সমস্ত চক্রান্ত দেশবাসীকে চিনে নিতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করতে হবে।”

রাহুলের পাল্টা চ্যালেঞ্জ

প্রধানমন্ত্রীর এই ‘ভারতবিরোধী’ মন্তব্যের জবালে বিন্দুমাত্র রেয়াত করেননি রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর অভিযোগকে সজোরে প্রত্যাখ্যান করে তিনি পাল্টা দাবি করেন যে, প্রধানমন্ত্রী নিজেই বিদেশি শক্তির সাহচর্যে টিকে আছেন। একই সাথে মোদীকে খোলা চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, যে কোনো মঞ্চে ও যে কোনো সময়ে তিনি প্রধানমন্ত্রীর মুখোমুখি বসে আলোচনায় প্রস্তুত।