অষ্টধাতুর সিংহবাহিনী দুর্গা! এই বাড়িতে পুজোর পর দেবী কেন যান আরেক বাড়িতে?

পূর্ব বর্ধমানের বেলেড়া গ্রামে ভট্টাচার্য পরিবারের দেবী দুর্গা পূজিত হন সিংহবাহিনী রূপে। প্রায় ৩৫০ বছর ধরে এই বাড়িতে অষ্টধাতুর দুর্গা প্রতিমা পূজিত হয়ে আসছেন। বিশেষত্ব হলো, এই পুজোয় মহিষাসুর এবং দেবীর বাহন সিংহ থাকলেও তার চার সন্তান সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশ থাকেন না। এই পুজোর সূচনা করেছিলেন টোল পণ্ডিত রামরুদ্র বাচস্পতি।

পঞ্চমুণ্ডির আসনে দুর্গার আরাধনা
বংশ পরম্পরায় এই পুজোর রীতিনীতি চলে আসছে। প্রায় ১০০ বছর আগে পরিবারের সদস্য বিশ্বম্ভর বন্দ্যোপাধ্যায় এখানে পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠা করেন। সেই সময় থেকেই পুজোর চারদিন দেবীকে এই আসনে বসিয়ে আরাধনা করা হয়। পরিবারের সদস্য তুষার ভট্টাচার্য জানান, “বিশ্বম্ভর বন্দ্যোপাধ্যায় একজন তন্ত্রসাধকও ছিলেন। সেই থেকেই এই রীতি চলে আসছে।”

বলি প্রথা ও বিসর্জন
এখানে দেবী দশভূজা, এবং নবমীর দিনে বলির প্রথা আজও চালু আছে। যদিও ছাগবলি বন্ধ করে এখন কলা, আখ এবং চালকুমড়ো বলি দেওয়া হয়। এই বিশেষ প্রতিমা সারা বছর পরিবারের সদস্যদের বাড়িতে পালা করে পূজিত হয়। দুর্গাপূজার চারদিন দেবীকে মন্দিরের পঞ্চমুণ্ডির আসনে আনা হয়। এই অষ্টধাতুর মূর্তি হওয়ায় প্রতিমার কোনো বিসর্জন হয় না। পুজো মিটলেই দেবী আবার পালা করে পরিবারের অন্য শরিকদের বাড়িতে যান। এইভাবেই এই প্রাচীন ভট্টাচার্য পরিবার তাদের ঐতিহ্য বজায় রেখে চলেছে।