অরুনিতা থেকে কুণাল গাঞ্জাওয়ালা—একঝাঁক তারকার মেলা কাটোয়ায়! জানুন কবে কে আসছেন

নতুন বছরের শুরুতেই উৎসবের আমেজ পূর্ব বর্ধমানের কাটোয়ায়। আগামী ২ জানুয়ারি থেকে কাটোয়া পৌরসভার উদ্যোগে শুরু হতে চলেছে ‘কাটোয়া পৌর সম্প্রীতি মেলা’। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের তদারকিতে এই মেলা চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। শহরের ঐতিহ্যবাহী কাশীরাম দাস বিদ্যায়তনের মাঠে এই মেলা আয়োজিত হবে। বুধবার কাটোয়া পৌরসভায় একটি অনুষ্ঠানের মাধ্যমে মেলার লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন বিধায়ক।

মেলার মূল লক্ষ্য কেবল বিনোদন নয়, বরং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বাবলম্বী করে তোলা। বিগত বছরের ‘সবলা মেলা’র সাফল্যের কথা মাথায় রেখে এবারও প্রায় ৬০টি স্টল বরাদ্দ করা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য। মেলার উদ্বোধন হবে ২ জানুয়ারি দুপুর ২টোয়, যেখানে জেলাশাসক-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন। বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “সকলের সহযোগিতায় এই মেলা সফল হবে। স্থানীয় অর্থনীতির বিকাশে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মেলার বিশেষ আকর্ষণ হলো প্রতিদিনের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ২ জানুয়ারি সোয়েব আলি ও ঐশী, ৩ জানুয়ারি অ্যালবার্ট কাবো ও ব্যতিক্রম ব্যান্ড, ৪ জানুয়ারি জনপ্রিয় শিল্পী অরুনিতা কাঞ্জিলাল, ৫ জানুয়ারি কালপুরুষ ব্যান্ড এবং সমাপনী দিনে অর্থাৎ ৬ জানুয়ারি মঞ্চ মাতাবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী কুণাল গাঞ্জাওয়ালা। প্রতিদিন রাত ১০টা পর্যন্ত চলা এই মেলায় স্থানীয় শিল্পীরাও নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন বলে জানিয়েছেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান কমলাকান্ত চক্রবর্তী।