“অরিজিৎ আমার মতো নয়!” প্লেব্যাক ছাড়ার গুঞ্জনের মাঝেই শানের কোন মন্তব্যে শুরু হলো নতুন বিতর্ক?

জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে জল্পনা এখনও তুঙ্গে। চলতি বছরের শুরুতে অরিজিতের এই ঘোষণার পর থেকেই হতবাক সঙ্গীতপ্রেমীরা। এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী শান। অরিজিতের সিদ্ধান্তকে কাটাছেঁড়া করার পাশাপাশি নিজের কেরিয়ারের অতীত অভিজ্ঞতা ও সোনু নিগম-কেকে-র দেওয়া এক কঠিন পরামর্শের কথা শেয়ার করে নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শান জানান, অরিজিৎ হয়তো সাময়িকভাবে প্লেব্যাক থেকে দূরত্ব তৈরি করেছেন, কিন্তু তাঁর বহু গান এখনও মুক্তির অপেক্ষায় থাকায় আগামী কয়েক বছর শ্রোতারা তাঁর নতুন গান শুনতে পাবেন। একই সঙ্গে নিজের কেরিয়ারের চূড়ায় থাকার সময়কার স্মৃতিচারণ করে শান বলেন, ৩৩-৩৪ বছর বয়সে তাঁর মনেও এমন নানা প্রশ্ন এসেছিল। সেই সময় সোনু নিগম ও প্রয়াত কেকে তাঁকে পরামর্শ দিয়েছিলেন, সব ধরনের গান না গেয়ে নিজের একটা নির্দিষ্ট ‘স্ট্যান্ডার্ড’ বা মান বজায় রাখতে। অরিজিতের বর্তমান সিদ্ধান্তের সঙ্গে নিজের অতীতের সেই ভাবনাচিন্তার কিছুটা মিল খুঁজে পেলেও, তাঁদের দু’জনের পথ চলা সম্পূর্ণ আলাদা বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শান।