শাহিদের সহ-অভিনেতা সোজা জেলে! শুটিং সেট থেকে মাদক সহ হাতেনাতে গ্রেফতার অভিনেতা

মুম্বইয়ের বিনোদন জগতে ফের একবার মাদকের কালো ছায়া! শাহিদ কাপূরের আসন্ন ‘দেবা’ ছবিতে অভিনয় করা উদীয়মান অভিনেতা রহুল্লা মেহদিকে মাদক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের আড়ালে রমরমিয়ে চলত এই মাদক কারবার। গোপন সূত্রে খবর পেয়ে মুম্বইয়ের মীরা রোড এলাকার কাশিমীরা পুলিশের অপরাধ দমন শাখা এই বিশেষ অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত অভিনেতার কাছ থেকে প্রায় ৫ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ২৮ গ্রাম এমডি (MD) ড্রাগ উদ্ধার করা হয়েছে। প্রথমে কাসিফ নামের এক ব্যক্তির হাত ধরে এই চক্রের সন্ধান পায় পুলিশ। জেরায় রহুল্লার নাম উঠে আসার পর, মালাডের একটি স্টুডিওর বাইরে যখন তিনি শুটিংয়ে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময়ই তাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়। মূলত জম্মু ও কাশ্মীরের বাসিন্দা হলেও রহুল্লা এতদিন গোরেগাঁওয়ে বসবাস করছিলেন। বর্তমানে তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। এই হাই-প্রোফাইল মাদক সিন্ডিকেটের সঙ্গে বলিউডের আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।