অবৈধভাবে ভারতে প্রবেশ! দক্ষিণ দিনাজপুরের সীমান্তে একসঙ্গে ২৫ জন বাংলাদেশি ধরা পড়তেই তুমুল চাঞ্চল্য

দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি থানার লোহাগঞ্জ পঞ্চানগর এলাকায় ভোরে একসঙ্গে ২৫ জন বাংলাদেশি নাগরিকের উপস্থিতি ঘিরে চরম চাঞ্চল্য ছড়াল। সীমান্তবর্তী এই গ্রামে তাঁদের সন্দেহজনক ঘোরাফেরা দেখে স্থানীয় বাসিন্দাদের মনে প্রশ্ন জাগে। এরপর জিজ্ঞাসাবাদ করতেই তাঁরা যে বাংলাদেশি নাগরিক, তা স্পষ্ট হয়ে যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি বিএসএফকে জানানো হলে জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ২৫ জন বাংলাদেশি এবং তাঁদের সহায়তা করার অভিযোগে বাবলু রায় নামের এক ভারতীয় যুবককে আটক করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিরা কাজের সন্ধানে কাশ্মীরে গিয়েছিলেন এবং সেখান থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে কুশমণ্ডির লোহাগঞ্জের পঞ্চনগর এলাকায় জড়ো হয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, গঙ্গারামপুরের কাজলতোর এলাকার বাসিন্দা বাবলু রায়ের মাধ্যমেই তাঁরা এই এলাকায় এসেছিলেন এবং তাঁদের কাছে ভারতে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র ছিল না। তবে বিএসএফ সূত্রে জানা গেছে, ধৃতদের কয়েকজনের কাছে ভারতীয় ভোটার ও আধার কার্ডও পাওয়া গেছে, যা খতিয়ে দেখা হচ্ছে।

কুশমণ্ডির বিজেপি বিধায়ক তাপসচন্দ্র রায় জানিয়েছেন, ভোর সাড়ে চারটে নাগাদ স্থানীয় গ্রামবাসীরা মাঠের মধ্যে দিয়ে সীমান্তের দিকে দলবেঁধে যেতে দেখে তাঁদের আটক করেন ও পরে বিএসএফের হাতে তুলে দেন। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিএসএফ ধৃতদের কুশমণ্ডি থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ বুধবার তাদের গ্রেপ্তার করে কঠোর নিরাপত্তার মধ্যে বালুরঘাট জেলা আদালতে পেশ করেছে। গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) শুভতোষ সরকার জানিয়েছেন, ধৃতরা বাংলাদেশ থেকে কী উদ্দেশ্যে এবং কোন পথে ভারতে প্রবেশ করেছিল এবং এই চক্রের পেছনে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে জোরকদমে তদন্ত শুরু হয়েছে।