পকেটে টান! দীপাবলির পরেই কি বাড়বে UPI লেনদেনের খরচ? জানাল NPCI

দেশের খুচরো বাজারে ডিজিটাল লেনদেন নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ ঘোষণায় জানিয়েছে যে, নির্দিষ্ট কিছু ব্যক্তি থেকে ব্যবসায়ী (P2M) UPI লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালুর প্রক্রিয়া দীপাবলির ঠিক পরেই শুরু করা হবে। উৎসবের মরশুমের কথা মাথায় রেখে ১৩ অক্টোবর এই সিদ্ধান্ত নিয়েছে ইউপিআই অ্যান্ড সার্ভিসেস স্টিয়ারিং কমিটি। তবে স্পষ্ট করা হয়েছে যে, এই নতুন নিয়ম কার্যকর করার সুনির্দিষ্ট তারিখ পরবর্তীতে আলাদাভাবে ঘোষণা করা হবে।

এর আগে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছিল যে, ১৫ অক্টোবর থেকে ২,০০০ টাকার বেশি অঙ্কের P2M UPI লেনদেনে ০.৪% MDR প্রযোজ্য হতে পারে। এই চার্জ গ্রাহকদের ওপর চাপানো না হলেও ব্যবসায়ীদের তা বহন করতে হবে বলে জানানো হয়েছিল। ৭৫,০০০ টাকা বা তার বেশি অঙ্কের লেনদেনের ক্ষেত্রে এই চার্জের সর্বোচ্চ সীমা ৩০০ টাকা নির্ধারণের প্রস্তাব ছিল। তবে স্বস্তির বিষয় হলো, ব্যক্তি থেকে ব্যক্তির (P2P) মধ্যে UPI লেনদেন এবং দৈনন্দিন জীবনের অধিকাংশ সাধারণ মার্চেন্ট লেনদেন আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে রাখার কথা বলা হয়েছে।

সরকারের মতে, এই প্রস্তাবিত চার্জ থেকে সংগৃহীত অর্থ UPI পরিষেবা পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর মানোন্নয়ন ও খরচ মেটাতে ব্যবহার করা হবে। এর মধ্যে রয়েছে সিস্টেমের নির্ভরযোগ্যতা বজায় রাখা, সাইবার নিরাপত্তা জোরদার করা, জালিয়াতি প্রতিরোধ এবং উন্নত গ্রাহক পরিষেবা নিশ্চিত করা। অর্থ মন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে যে, দেশে নিরবচ্ছিন্ন UPI পরিষেবা টিকিয়ে রাখতে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়। ফলে দীর্ঘমেয়াদে এই বিশাল ব্যবস্থা পরিচালনা করা শুধুমাত্র সরকারি সহায়তায় আর্থিকভাবে টেকসই রাখা সম্ভব নয় বলেই যুক্তি দিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারি থেকে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে জনপ্রিয় করে তুলতে RuPay ডেবিট কার্ড এবং BHIM-UPI লেনদেনে MDR সম্পূর্ণ শূন্য রাখা হয়েছিল। পরবর্তীতে এই পরিকাঠামোকে আর্থিক সহায়তা দিতে সরকার বিভিন্ন ইনসেন্টিভ বা উৎসাহমূলক প্রকল্প চালু করে। বিশেষ করে ২০২৪-২৫ অর্থবর্ষে কম অঙ্কের BHIM-UPI লেনদেনের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যবসায়ীর কাছে পেমেন্ট বাড়াতে ১,৫০০ কোটি টাকার একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। যার আওতায় যোগ্য ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে ২,০০০ টাকা পর্যন্ত লেনদেনে MDR শূন্য রাখা হয় এবং সরকারি তহবিল থেকে ইনসেন্টিভও প্রদান করা হতো।