অবসরের পরেও অনুপ্রেরণা! এশিয়ার প্রথম মহিলা লোকোমোটভ পাইলটকে কুর্নিশ জানাল গোটা দেশ

এশিয়ার প্রথম মহিলা লোকোমোটভ পাইলট সুরেশা যাদব এই মাসের ৩০ তারিখে ৩৮ বছরের কর্মজীবনের পর অবসর নিতে চলেছেন। তাঁর অবসরের খবরটি মধ্য রেলওয়ে (CR) বৃহস্পতিবার এক পোস্টে নিশ্চিত করেছে। সুরেশা যাদব যখন ট্রেন নং ২২২২২, হজরত নিজামুদ্দিন-সিএসএমটি রাজধানী এক্সপ্রেস নিয়ে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস (সিএসএমটি)-তে পৌঁছন, তখন তাঁর সহকর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এক্স (পূর্বে টুইটার)-এ মধ্য রেলওয়ে তাদের পোস্টে লিখেছে, “এশিয়ার প্রথম মহিলা ট্রেন চালক ৩৮ বছরের দুর্দান্ত পরিষেবা দেওয়ার পর ৩০ সেপ্টেম্বর অবসর নেবেন। তিনি একজন সত্যিকারের পথপ্রদর্শক। তিনি সব বাধা ভেঙেছেন, অসংখ্য মহিলাকে অনুপ্রাণিত করেছেন এবং প্রমাণ করেছেন যে কোনও স্বপ্নই অসম্ভব নয়। তাঁর এই যাত্রা ভারতীয় রেলে নারীশক্তির এক প্রতীক হয়ে থাকবে।”

আনন্দ মাহিন্দ্রা-র শুভেচ্ছা
সুরেশা যাদবের অবসরের খবরে মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা একটি আবেগপূর্ণ বার্তা পোস্ট করেছেন। নিজের পোস্টে তিনি সুরেশা যাদবকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর অবদানের প্রশংসা করেছেন। তিনি বলেন, “সুরেশা জি, একজন পথপ্রদর্শক হওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আপনার দীর্ঘ কর্মজীবনের পর অবসরের জন্য আমার শুভকামনা। আপনি আমাদের মনে করিয়ে দিলেন যে আপনার মতো মানুষদের সম্মান করা উচিত এবং তাঁদের অবদান কখনও ভোলা উচিত নয়।”

সুরেশা যাদব মহারাষ্ট্রের সাতারাতে জন্মগ্রহণ করেন এবং লোকো পাইলট হওয়ার আগে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেন। তিনি প্রথম একজন সহকারী চালক হিসাবে কাজ শুরু করেন এবং পুরুষ-শাসিত এই পেশায় সব বাধা পেরিয়ে শীর্ষে পৌঁছন। এশিয়ার প্রথম মহিলা লোকোমোটভ পাইলট হওয়ার পাশাপাশি ২০২৩ সালে তিনি সোলাপুর থেকে সিএসএমটি পর্যন্ত ট্রেন চালিয়ে প্রথম মহিলা বন্দে ভারত এক্সপ্রেস লোকো পাইলটও হন। তাঁর এই অসাধারণ কৃতিত্বের জন্য তিনি রাষ্ট্রীয় এবং জাতীয় স্তরে একাধিক সম্মান পেয়েছেন।