অন্নপূর্ণা যোজনা নিয়ে বিএলও-র সঙ্গে কথা বলতেই কাণ্ড! রাস্তায় পিছন থেকে মহিলাকে জড়িয়ে ধরল যুবক, বরানগরে ধুন্ধুমার

সরকারি প্রকল্প নিয়ে তথ্য জানার জন্য রাস্তার একপাশে দাঁড়িয়ে আধিকারিকের সঙ্গে কথা বলছিলেন এক মহিলা। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে এক যুবক এসে আচমকা ওই মহিলাকে অশালীনভাবে জড়িয়ে ধরে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তপ্ত হয়ে উঠল বরানগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু নগর রোড এলাকা। শ্লীলতাহানির এই নারকীয় ঘটনার প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে আক্রান্ত হলেন পাড়ার চার প্রতিবাদী যুবক। রড, বাঁশ ও ব্যাট দিয়ে বেধড়ক মারধরের জেরে রক্তভেজা অবস্থায় তিনজনের মাথা ফেটেছে, যার মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
শনিবার রাতে ঘটা এই চাঞ্চল্যকর ঘটনায় গোটা বরানগর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা ও স্থানীয় বাসিন্দারা।
ঠিক কী ঘটেছিল শনিবার রাতে?
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত আনুমানিক ৯টা নাগাদ দেশবন্ধু নগর রোডে স্থানীয় বিএলও (BLO) ম্যাডামের সঙ্গে ‘অন্নপূর্ণা যোজনা’ সম্পর্কিত নানা বিষয়ে কথা বলছিলেন এক মহিলা। অভিযোগ, ঠিক সেই সময় জগজিৎ সিং নামে এক স্থানীয় যুবক হঠাৎ পিছন থেকে এসে ওই মহিলাকে জড়িয়ে ধরে এবং শ্লীলতাহানি করে।
হঠাৎ এই অভদ্র আচরণ দেখে বিএলও ও মহিলা চিৎকার করে ওঠেন। ঘটনার দৃশ্য দেখে পাড়ার কয়েজন যুবক সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন এবং দুষ্কৃতী জগজিৎ সিংয়ের এই জঘন্য আচরণের তীব্র প্রতিবাদ করেন।
গ্যাং ডেকে তাণ্ডব, রক্তাক্ত ৪ প্রতিবাদী
প্রতিবাদের মুখমুখী হতেই পিছু হটার বদলে আরও হিংস্র হয়ে ওঠে অভিযুক্ত। জগজিৎ সিং তড়িঘড়ি তার ঘনিষ্ঠ সহযোগী শিবা হেলাকে খবর দেয়। মুহূর্তের মধ্যে এলাকা ঘিরে ফেলে জগজিৎ ও শিবা হেলার সাঙ্গোপাঙ্গরা। হাতে বাঁশ, লোহার রড এবং ক্রিকেট ব্যাট নিয়ে এসে তারা প্রতিবাদী যুবকদের ওপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে।
দুষ্কৃতীদের এলোপাতাড়ি মারধরের জেরে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন পাড়ার যুবকরা। বেধড়ক মারে তিনজনের মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড ঘটে। একজনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গিয়েছে।
ঘটনায় আতঙ্কিত নির্যাতিতা মহিলা জানান, “আমি বিএলও ম্যাডামের সঙ্গে অন্নপূর্ণা যোজনা নিয়ে কথা বলছিলাম। সেই সময় হঠাৎ এই ঘটনা ঘটে। পাড়ার দাদারা আমাকে রক্ষা করতে এগিয়ে এলে ওদের ওপর এভাবে মারধর করা হয়। আমরা চরম ভয়ে আছি, পুলিশ অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক।”
আক্রান্ত এক যুবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “মহিলার ওপর অত্যাচার হতে দেখে আমরা স্রেফ প্রতিবাদ করেছিলাম। তার মূল্য দিতে হলো বাঁশ-ব্যাটের বাড়ি খেয়ে! জগজিৎ ও শিবা এলাকাতে প্রায়ই এই ধরনের অসামাজিক কাজকর্ম চালায়। ওদের ভয়ে পুরো পাড়া আতঙ্কে দিন কাটাচ্ছে।”
ঘটনার পরই অভিযুক্তরা এলাকা ছেড়ে চম্পট দিয়েছে। সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে মূল অভিযুক্ত জগজিৎ সিং এবং তার সহযোগীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে বরানগর থানার পুলিশ।