‘অনুপ্রবেশকারীদের ভোটেই জিততে চায় কংগ্রেস’, রাহুলকে নিশানা করে বিস্ফোরক অমিত শাহ

রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’কে ‘অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা’ বলে কটাক্ষ করলেন অমিত শাহ

ভোটার তালিকা সংশোধন (SIR) নিয়ে চলা বিতর্কের মধ্যেই এবার রাহুল গান্ধীকে (Rahul Gandhi) সরাসরি আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি কটাক্ষ করে বলেন, রাহুল গান্ধী আসলে ‘অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা’য় নেমেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক জনসভায় তিনি এই মন্তব্য করেন। একইসঙ্গে তিনি আবারও মনে করিয়ে দেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বিজেপি ভোটার তালিকার নিবিড় সংশোধনের পক্ষে অনড়।

ভোটমুখী বিহারে বিতর্ক তুঙ্গে
বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে তুমুল বিতর্ক। কংগ্রেস অভিযোগ করেছে, বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে বিজেপি সাধারণ মানুষের নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে। এই অভিযোগ তুলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ১৩০০ কিলোমিটার দীর্ঘ ‘ভোটার অধিকার যাত্রা’ করেছেন। অন্যদিকে, বিজেপি পাল্টা অভিযোগ করেছে যে, কংগ্রেস, আরজেডি, তৃণমূলের মতো বিরোধী দলগুলি অনুপ্রবেশকারীদের বাঁচিয়ে নির্বাচনে জেতার পথ প্রশস্ত করতে চাইছে। এই পরিস্থিতিতে অমিত শাহ জনগণের কাছে আর্জি জানান, যাতে কোনো ভুয়ো ভোটার ভোট দিতে না পারে সেদিকে সবাই নজর রাখে।

প্রধানমন্ত্রীর জন্মদিনে একাধিক প্রকল্পের উদ্বোধন
রাজনৈতিক আক্রমণের পাশাপাশি অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দিল্লিতে বেশ কিছু নতুন প্রকল্পের উদ্বোধন করেন। তিনি দিল্লিবাসীর জন্য ১০১টি ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’ উৎসর্গ করেন এবং দিল্লি সরকারের প্রায় ১৬০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিজেপির ‘সেবা পক্ষ’ (Seva Pakhwada) কর্মসূচি চলছে। এই প্রসঙ্গে অমিত শাহ বলেন, “শুধু দেশেই নয়, দেশের বাইরে থেকেও নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হচ্ছে।” তিনি আরও জানান, “দেশমাতৃকার সেবায় ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে।”