অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার নিউটাউনে, বাড়ছে রহস্য! তদন্তে পুলিশ

নিউটাউনের ইকোপার্ক থানা এলাকার ১১ নম্বর ট্যাঙ্কের কাছে এক অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে এই ঘটনা সামনে আসে, যখন স্থানীয় কিছু কর্মচারী রাস্তা দিয়ে যাওয়ার সময় মৃতদেহটি দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

খুন না দুর্ঘটনা, ধোঁয়াশায় পুলিশ
পুলিশের প্রাথমিক অনুমান, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু হতে পারে। তবে, ঘটনাস্থলের কাছে একটি লেবার রুম থেকে সম্প্রতি চারটি মোবাইল ফোন চুরি হওয়ায় ঘটনাটি ভিন্ন দিকে মোড় নিচ্ছে। পুলিশ খতিয়ে দেখছে, মৃত যুবক এই চুরির সঙ্গে জড়িত ছিল কি না। স্থানীয় এক কর্মচারী জানান, “আমরা সবাই বর্ধমানের বাসিন্দা এবং এখানেই কাজ করি। রাতে আমাদের ঘর থেকে চারটে মোবাইল চুরি হয়েছে। সকালে উঠে দেখি একজন মারা গেছে। জানি না এই ছেলেটাই চুরি করেছিল কি না।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের রিপোর্ট এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এই ঘটনায় খুন এবং দুর্ঘটনা—দুটি সম্ভাবনাই খতিয়ে দেখছে ইকোপার্ক থানার পুলিশ। এই রহস্যের জট কবে খুলবে, এখন সেটাই দেখার।