অগভীর সমুদ্রে ভয়াবহ ট্রলারডুবি! ১৬ মৎস্যজীবীকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ ২, উৎকণ্ঠায় পরিবার

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি ট্রলার। বকখালির কাছে বঙ্গোপসাগরে ‘মঙ্গল চণ্ডী’ নামের একটি ট্রলারডুবির ঘটনায় মোট ১৬ জন মৎস্যজীবীকে উদ্ধার করা হলেও এখনও খোঁজ মিলছে না আরও দু’জনের। নিখোঁজদের খোঁজে স্থানীয় প্রশাসন ও অন্যান্য মৎস্যজীবীদের সহায়তায় জোরদার তল্লাশি শুরু করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার মোট ২৩ জন মৎস্যজীবীকে নিয়ে ৩টি ট্রলার হরিপুর লালগঞ্জ সমুদ্র সৈকত থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয়েছিল।
যেভাবে ঘটল দুর্ঘটনা:
রাতেই ট্রলারগুলি বকখালির কাছেই সৈকত থেকে ৩৫ কিলোমিটার দূরের বঙ্গোপসাগরের একটি স্থানে পৌঁছায়। জানা গিয়েছে, জায়গাটি অগভীর ছিল। ভাটার সময় ওই অঞ্চলে খুঁটি পুঁতে জাল দিয়ে মাছ ধরার রেওয়াজ আছে। জোয়ারের সময় সেই খুঁটিগুলি জলের নিচে ঢাকা পড়ে যায়। ধারণা করা হচ্ছে, জোয়ারের সময় ‘মঙ্গল চণ্ডী’ নামের ট্রলারটি কোনোভাবে ওই অগভীর জায়গায় ডুবে যায়।
ট্রলারডুবির পরে ট্রলারে থাকা মোট ১৮ জন মৎস্যজীবী সমুদ্রে পড়ে যান। এরপর দ্রুত অন্য ট্রলারের সাহায্যে ১৬ জন মৎস্যজীবী কোনোক্রমে নিজেদের প্রাণ রক্ষা করতে সক্ষম হন। কিন্তু দুর্ভাগ্যবশত, দেবনিবাসের বাসিন্দা দুই মৎস্যজীবী পঞ্চানন জানা ও ঝারু করকে খুঁজে পাওয়া যায়নি।
চলছে তল্লাশি, উৎকণ্ঠায় পরিবার:
নিখোঁজ দু’জনই ফ্রেজারগঞ্জ উপকূলীয় থানার দেবনিবাসের বাসিন্দা। উদ্ধার হওয়া মৎস্যজীবীদের উপকূলে এনে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে টেনে আনার চেষ্টা করা হচ্ছে। ট্রলারের খোলের মধ্যে নিখোঁজ মৎস্যজীবীরা চাপা পড়েছেন কিনা, তা খতিয়ে দেখা হবে।
এই ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের লোকজন উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারের সবরকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।