হিলই নয়, ফ্ল্যাট জুতোও বিপদ! অজানা স্বাস্থ্যঝুঁকি থেকে মুক্তি পেতে কী করবেন?

ফ্যাশনের অনুষঙ্গ হোক বা আরামের জন্য, আমরা জুতোর ব্যবহার নিয়ে প্রায়শই ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। হিল জুতো পরলে পায়ের হাড়, হাঁটুর জয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়া সহ নানা সমস্যার সৃষ্টি হয়, এ কথা এখন অনেকেই জানেন। আর সে কারণেই বহু মানুষ ফ্ল্যাট স্যান্ডেল বা জুতো বেছে নেন। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, একেবারে ফ্ল্যাট জুতো পরাও পায়ের জন্য মোটেও ভালো নয়।

আপনি হয়তো জানেন না, সারাক্ষণ ফ্ল্যাট স্যান্ডেল বা জুতো পরা আপনার অজান্তেই কিছু গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। আসুন জেনে নিই, ফ্ল্যাট জুতো পরার কিছু অজানা স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে:

১. পায়ের পেশিতে অতিরিক্ত চাপ: ফ্ল্যাট জুতো বা স্যান্ডেল পরলে পায়ের পাতার উপরই চাপ পড়ে বেশি। এতে পায়ের পেশীগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এবং দীর্ঘমেয়াদে ব্যথার সৃষ্টি হতে পারে।

২. ছত্রাক ও ব্যাকটেরিয়া সংক্রমণ: যেহেতু ফ্ল্যাট স্যান্ডেল পরলে পা মাটি, জল বা রাস্তার খুব কাছাকাছি থাকে, তাই খুব সহজেই পায়ের নখ এবং আঙুলে ছত্রাকের (ফাঙ্গাস) সংক্রমণ হতে পারে। এছাড়াও সহজেই ব্যাকটেরিয়া পায়ে প্রবেশ করতে পারে। বিশেষ করে বর্ষাকালে ফ্ল্যাট জুতো পরার আগে দ্বিতীয়বার ভাবুন।

৩. পায়ের পাতার স্থায়ী ক্ষতি ও ‘হ্যামার টো’: দীর্ঘদিন ধরে পাতলা সোলের স্যান্ডেল বা জুতো পরার ফলে পায়ের পাতার স্থায়ী ক্ষতি হতে পারে। ফ্ল্যাট জুতো পরার ফলে ‘হ্যামার টো’ (Hammer Toe) নামের একটি সমস্যা দেখা দিতে পারে, যেখানে পায়ের আঙুল বেঁকে যায়।

৪. পায়ের আকৃতি নষ্ট হওয়া: ফ্ল্যাট জুতো বা স্যান্ডেল ব্যবহারে পায়ের পাতা ছড়িয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। যখন আপনি ফ্ল্যাট জুতো পরেন, তখন পা ফেলার সময় পুরো পায়ের পাতা সমানভাবে পড়ে এবং ভারসাম্য ধরে রাখার জন্য পায়ের পাতা যতটা সম্ভব ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ফ্ল্যাট জুতো ব্যবহারের কারণে পায়ের আকৃতি নষ্ট হয়ে যায়।

৫. পায়ের তলায় জ্বালা ও ফোস্কা: সারাদিন হাঁটাচলা করার জন্য অনেকেই ফ্ল্যাট জুতো বা স্যান্ডেল বেছে নেন। কিন্তু আমরা যখন সারাদিন হাঁটা বা দাঁড়িয়ে কাজ করি, তখন পায়ের পাতা বা পায়ের তলার সঙ্গে এই ফ্ল্যাট জুতো বা স্যান্ডেলের ঘর্ষণ বেশি হয়। এর ফলে পায়ের পাতার তালুতে জ্বালা সৃষ্টি হয় এবং যন্ত্রণাদায়ক ফোস্কা পড়তে পারে।

সমাধান কী?

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, একেবারে ফ্ল্যাট স্যান্ডেল বা জুতো না পরে অন্তত এক থেকে দেড় ইঞ্চি উঁচু জুতো বা স্যান্ডেল পরার চেষ্টা করুন। এছাড়াও, দীর্ঘক্ষণ এক ধরনের জুতো না পরে জুতো ঘুরিয়ে ফিরিয়ে পরার অভ্যাস করুন। এতে আপনার পায়ের আকৃতি ঠিক থাকবে এবং পায়ের বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকেও রক্ষা পাবেন। পায়ের স্বাস্থ্য রক্ষায় জুতো নির্বাচনের ক্ষেত্রে সচেতন হওয়া অত্যন্ত জরুরি।