হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি): সতর্কতা ও প্রতিরোধের প্রয়োজনীয়তা

২০০১ সালে প্রথম শনাক্ত হওয়া হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি) আবারও একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ভাইরাসটি সব বয়সের মানুষকে সংক্রমিত করতে পারে, তাই এর বিস্তার সীমিত করার জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইচএমপিভি মূলত শ্বাসযন্ত্রের ছোট ফোঁটার মাধ্যমে ছড়িয়ে পড়ে, তাই সঠিক স্বাস্থ্যবিধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য।

এইচএমপিভি-র বিস্তার রোধে নিম্নলিখিত বিষয়গুলি মনে রাখা জরুরি:

১. হাত পরিষ্কার রাখা
কোভিড-১৯ আমাদের শিখিয়ে দিয়েছে যে, সাবান ও জল দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে ঘন ঘন হাত ধোয়া কতটা গুরুত্বপূর্ণ। যেকোনো ভাইরাসের বিস্তার কমানোর জন্য হাতের স্বাস্থ্যবিধি বজায় রাখা খুবই জরুরি। তাই, নিয়মিত এবং ভালোভাবে হাত ধুয়ে নিন। যদি সাবান ও জল না থাকে, তবে অ্যালকোহল-ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। এছাড়াও, অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক এবং মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন।

২. মাস্ক পরা
মাস্ক পরা ভাইরাস ছড়ানো উল্লেখযোগ্যভাবে রোধ করতে পারে। নিশ্চিত করুন যেন মাস্কটি আপনার নাক এবং মুখ ভালোভাবে ঢেকে রাখে এবং কাশি বা হাঁচি দেওয়া ব্যক্তির থেকে আপনি যথাসম্ভব দূরে থাকেন।

৩. রেসপিরেটরি ম্যানার্স (শ্বাস-প্রশ্বাসের শিষ্টাচার)
যদি আপনার কাশি বা হাঁচি হয়, তবে টিস্যু অথবা কনুই দিয়ে আপনার মুখ এবং নাক ঢেকে রাখুন। ব্যবহৃত টিস্যুগুলো দ্রুত একটি বন্ধ বিনে ফেলে দিন এবং এর পরে হাত স্যানিটাইজ করুন।

৪. বারবার স্পর্শ করা হয় এমন জিনিস পরিষ্কার করুন
দরজার হাতল, আলোর সুইচ, স্মার্টফোন এবং কীবোর্ডের মতো যে জিনিসগুলি বারবার স্পর্শ করা হয়, সেগুলিকে নিয়মিত পরিষ্কার এবং জীবাণুমুক্ত করুন। সঠিক জীবাণুনাশক ব্যবহার করুন যাতে ভাইরাস ভালোভাবে দূর হয়।

৫. অসুস্থ ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলুন
যদি আপনার বা আপনার পরিবারের কারও শ্বাসকষ্টজনিত অসুস্থতার লক্ষণ থাকে, তবে সম্ভাব্য সংক্রমণ এড়াতে তাদের থেকে দূরে থাকুন। এইচএমপিভি-র কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলুন।

৬. অসুস্থ হলে বাড়িতে থাকুন
যদি আপনি জ্বর, কাশি বা শ্বাসকষ্ট অনুভব করতে শুরু করেন, তবে কাজ, স্কুল বা জনসমাগমপূর্ণ স্থান থেকে দূরে থাকুন। যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের সাহায্য নিন এবং আপনার ডাক্তারের পরামর্শ মেনে চলুন।

৭. রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখুন
সুস্থ থাকতে এবং যেকোনো ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে সুষম খাদ্য (তাজা ফল, শাকসবজি এবং হোল গ্রেইন), পর্যাপ্ত তরল পান এবং সক্রিয় থাকা – এই তিনটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সঠিক ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ার পাশাপাশি নিয়মিত ব্যায়াম করুন। এতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকবে।

এই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি মেনে চললে এইচএমপিভি-সহ অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের বিস্তার অনেকটাই কমানো সম্ভব। আপনার এবং আপনার প্রিয়জনদের সুরক্ষার জন্য এই বিষয়গুলি মেনে চলুন।