হানিমুন মাটি হওয়ার ৬ কারণ! ঋতু নির্বাচন থেকে সোশ্যাল মিডিয়া— মধুচন্দ্রিমায় যাওয়ার আগে এই ভুলগুলো শুধরে নিন

বিয়ে দুটি মানুষের জীবনে নতুন সম্পর্কের সূচনা করে, যার প্রথম ও সবচেয়ে স্মরণীয় ধাপ হলো হানিমুন বা মধুচন্দ্রিমা। বিয়ের মতো হানিমুন নিয়েও থাকে নানা পরিকল্পনা—কোথায় যাওয়া হবে, বাজেট কত হবে। কিন্তু কিছু সাধারণ ভুলের কারণে এই আনন্দ মাটি হয়ে যেতে পারে। এখন যেহেতু বিয়ের মৌসুম, তাই হানিমুনে যাওয়ার আগে এই ভুলগুলো সম্পর্কে জেনে নেওয়া জরুরি:
হানিমুনে এড়িয়ে চলার ৬টি ভুল:
১. ভুল ঋতু বা জায়গা নির্বাচন: হানিমুনের জন্য সঠিক ঋতু বেছে নেওয়া অত্যন্ত জরুরি। খুব বেশি শীতে পাহাড়ি অঞ্চলে বা তুমুল বর্ষার মৌসুমে সমুদ্র দেখতে গেলে ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করা যায় না। তাই আবহাওয়ার দিকে খেয়াল রেখে জায়গা নির্বাচন করুন।
২. স্বাস্থ্যের প্রতি উদাসীনতা: বিয়ের সময় বর-কনেকে মানসিকভাবে অনেক চাপ সামলাতে হয়, ফলে স্বাস্থ্যের অবনতি হওয়া অস্বাভাবিক নয়। হানিমুনে যাওয়ার আগে অবশ্যই নিজের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করুন। যেখানে যাচ্ছেন, সেখানকার আবহাওয়ার সঙ্গে শরীর মানিয়ে নিতে পারবে কি না তা ভাবুন। প্রয়োজনীয় সব ওষুধ, বিশেষত শ্বাসকষ্টের সমস্যা থাকলে ইনহেলার অবশ্যই সঙ্গে রাখুন।
৩. পরিকল্পনায় তাড়াহুড়ো: পরিকল্পনা ছাড়া হানিমুনের আয়োজন গোছানো সম্ভব নয়। তাড়াহুড়ো করে কোনো পরিকল্পনা না করে, দুজন মিলে কোথায় যাবেন, কী খাবেন, কী পরবেন, কোথায় ঘুরবেন—এই সবকিছুর একটি খসড়া পরিকল্পনা তৈরি করুন।
৪. সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময়: আজকাল ঘুরতে গেলে অনেকে চারপাশ দেখার বদলে ছবি তোলা এবং তা সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সময় কাটান। হানিমুনে গিয়ে এই ভুল করবেন না। সঙ্গীর সঙ্গে নতুন সম্পর্ক উপভোগ করার এই বিশেষ সময়ে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন বা ব্যবহার একেবারেই কমিয়ে দিন।
৫. সারাক্ষণ ঘরে বন্দি থাকা: হানিমুনে গিয়ে অনেকে নিজেদের সারাক্ষণ গৃহবন্দি করে রাখেন। দুজন দুজনকে সময় দেওয়ার অর্থ এই নয় যে বাইরে ঘোরাঘুরি করা যাবে না। একসঙ্গে ঘুরেফিরে, বেড়িয়ে এসেও পরস্পরকে চেনা যায় এবং সম্পর্কের উষ্ণতা বাড়ে।
৬. খাবারে অনিয়ম বা অস্বাস্থ্যকর খাবার: ঘোরাঘুরির আনন্দে অনেকে হয়তো খাবার খাওয়ার কথাই ভুলে যান বা অস্বাস্থ্যকর খাবার খান। হানিমুনে গিয়ে বাইরের খোলা বা ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন। সঠিক সময়ে ভালো মানের খাবার খান। পেট খারাপ হতে পারে এমন কোনো খাবারই খাবেন না।