হঠাৎ করেই ক্লান্ত লাগে? অবহেলা করবেন না, হতে পারে আয়রনের অভাব

আজকাল অনেকেই মাঝে মাঝেই ক্লান্তিতে ভোগেন। হাজারো কাজের চাপে সেই ক্লান্তি উপেক্ষা করারও সুযোগ মেলে না। তবে কাজের চাপ যতই থাকুক, এই ক্লান্তিবোধকে কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়। কারণ এই ক্লান্তি শুধু কাজের চাপের কারণেই হচ্ছে, এমনটা নাও হতে পারে। শরীরের অভ্যন্তরে কোনো সমস্যার কারণেও এমনটা ঘটতে পারে। বিশেষ করে নারী ও পুরুষ উভয়ের মধ্যেই রক্তে আয়রনের ঘাটতি একটি বড় সমস্যা হিসেবে দেখা দিচ্ছে।

শরীরে প্রয়োজনীয় খনিজ পদার্থের অভাব দেখা দিলে আয়রনের ঘাটতি হতে পারে। আয়রন আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরি করে। এছাড়াও রক্তে থাকা এক ধরনের ব্লাড সেল রক্তে অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়রনের অভাবে অ্যানিমিয়া হতে পারে, যা শরীরকে দুর্বল করে তোলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কমিয়ে দেয়। রক্তে আয়রনের ঘাটতি হলে হঠাৎ করে দুর্বল লাগা, অতিরিক্ত চুল পড়া এবং আরও নানা ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। তবে প্রতিদিনের খাবারের তালিকায় কিছু পরিবর্তন আনলেই শরীরে আয়রনের ঘাটতি পূরণ করা সম্ভব। আসুন জেনে নেওয়া যাক সেই খাবারগুলো কী কী:

ড্রাই ফ্রুট: সকালের নাস্তার সঙ্গে কিশমিশ, অ্যাপ্রিকট, কাজু বা আমন্ডের মতো ড্রাই ফ্রুট যোগ করতে পারেন। এসব খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা শরীরকে আয়রন ভালোভাবে শোষণ করতে সাহায্য করে। সকালের খাবার ছাড়াও দিনের অন্য সময়ে এক মুঠো বাদাম আপনার আয়রনের অভাব মেটাতে সহায়ক হতে পারে।

ডাল: ডাল প্রায় প্রতিদিনই অনেকের খাবারের তালিকায় থাকে। সেদ্ধ বিন প্রায় সাত থেকে নয় মিলিগ্রাম পর্যন্ত আয়রন সরবরাহ করতে পারে শরীরে। এছাড়াও এক কাপ ছোলায় তিন থেকে পাঁচ মিলিগ্রাম আয়রন পাওয়া যায়। প্রতিদিন সেদ্ধ ডালের জল খেলেও উপকার পাওয়া যায়।

সয়াবিন: সয়াবিন আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সেলেনিয়ামের একটি চমৎকার উৎস। নিয়মিত সয়াবিন খেলে হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমে এবং হাড়ের স্বাস্থ্যও ভালো থাকে।

সবুজ শাকসবজি: প্রতিদিনের খাদ্যতালিকায় পালং শাক এবং অন্যান্য সবুজ শাকসবজি ও স্যুপ অন্তর্ভুক্ত করুন। পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন বিদ্যমান। এছাড়াও ছানা বা পনির, ডিম, চিকেন এবং কলিজা খেলেও শরীর পর্যাপ্ত পরিমাণে আয়রন পেতে পারে।

আপেল: আপেলে আয়রন, ম্যাগনেসিয়াম ও ভিটামিন সি পাওয়া যায়। একটি মাঝারি আকারের আপেলে প্রায় ০.৩ মিলিগ্রাম আয়রন থাকে, যা হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। ডেজার্ট, সালাদ অথবা স্মুদি তৈরিতে আপেল ব্যবহার করা যেতে পারে।

খেজুর: খেজুর আয়রনের একটি খুবই ভালো উৎস। এর পাশাপাশি এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ভিটামিন বি৬-ও রয়েছে। খেজুরে প্রচুর পরিমাণে ফাইবারও থাকে। এটি প্রতিদিনের খাদ্যতালিকায় যোগ করা যেতে পারে।

ডার্ক চকোলেট: ডার্ক চকোলেট আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। ডার্ক চকোলেট শুধু আয়রনের ঘাটতিই পূরণ করে না, বরং স্ট্রেস কমাতেও সাহায্য করে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে।

সুতরাং, ক্লান্তি অনুভব করলে তা অবহেলা না করে নিজের খাদ্যতালিকায় এই আয়রন সমৃদ্ধ খাবারগুলো যোগ করুন। যদি ক্লান্তি না কমে, তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।