সুস্বাস্থ্য পরিবারে: আপনার সুস্থ জীবনযাত্রায় কেন পরিবার অপরিহার্য?

আমরা প্রায়শই নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকি, কিন্তু ভুলে যাই যে আমাদের সুস্বাস্থ্য অনেকটাই পরিবারের ওপর নির্ভর করে। পরিবারের প্রতিটি সদস্যের খাদ্যাভ্যাস এবং রুচি আলাদা হতে পারে—কেউ মিষ্টি, লবণ বা চর্বিযুক্ত খাবার বেশি পছন্দ করেন, আবার কেউ স্বাস্থ্য সচেতনতার কারণে সেগুলো এড়িয়ে চলেন। যখন প্রত্যেকের পছন্দ ভিন্ন হয়, তখন রান্নার ধরনেও পরিবর্তন আসে এবং অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও ডায়েট অনুসরণ করতে পারেন না, যার ফলস্বরূপ স্বাস্থ্যের অবনতি ঘটে।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তখনই সম্ভব যখন পরিবারের সকলের সহযোগিতা এবং সচেতনতা থাকে। তাই শুধু নিজে সচেতন হলে চলবে না, পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও সচেতনতা বাড়ানোর চেষ্টা করতে হবে। মনে রাখবেন, ছোট সদস্যরা বড়দের অনুকরণ করে। তারা কেমন পরিবেশে বড় হচ্ছে, কী ধরনের খাবার খাচ্ছে এবং পরিবারের সদস্যরা কীভাবে জীবনযাপন করছে, এসবকিছুর ওপরই আপনার সন্তানের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নির্ভর করে।

সুস্বাস্থ্যে পরিবারের ভূমিকা: কিছু গুরুত্বপূর্ণ দিক
সুস্বাস্থ্য এবং পরিবারের সদস্যদের ভূমিকার সম্পর্ক বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নির্ভর করে:

১. পুষ্টি বিষয়ক জ্ঞান: বাবা-মা যখন পুষ্টির গুরুত্ব সম্পর্কে অবগত থাকেন, তখন তারা নিজেদের সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদেরও এ বিষয়ে সচেতন করার চেষ্টা করেন। বাজার থেকে শুরু করে রান্নার উপকরণ, রান্নার প্রক্রিয়া, খাবারের সময় এবং পরিমাণ—সবকিছুতেই একটি শৃঙ্খলা বজায় থাকে। পুষ্টি জ্ঞানই আপনাকে শেখাবে আপনার পরিবারের জন্য কোন খাবারটি বাজার থেকে কেনা উচিত।

২. স্বাস্থ্যকর অভ্যাসকে সমর্থন: পরিবারের সকল সদস্যের ভালো অভ্যাসকে সমর্থন করা জরুরি। পরিবারের সমর্থন না থাকলে অনেক সময় স্বাস্থ্যকর জীবনযাপন বাধাগ্রস্ত হয়। যারা স্বাস্থ্যকর জীবনযাত্রা (Healthy Lifestyle) অনুসরণ করতে চান, তারা যদি পরিবারের সমর্থন না পান, একসময় আগ্রহ হারিয়ে ফেলেন। তাই এখানে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৩. বাবা-মা হবেন সন্তানের আদর্শ: সন্তানরা তাদের বাবা-মাকেই প্রথম শিক্ষক হিসেবে দেখে। একবার সকালে হাঁটতে গিয়ে দেখলাম ৭-৮ বছরের একটি ছেলে তার বাবা-মায়ের সঙ্গে হাঁটছে। তার বাবার মতোই সেও জগিংয়ের পোশাক পরে এসেছে—দৃশ্যটা সত্যিই অসাধারণ ছিল! এভাবে যদি প্রতিটি পরিবার তাদের সন্তানদের মধ্যে স্বাস্থ্যকর জীবন ব্যবস্থার শিক্ষা দিতে পারে, তবে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

৪. পারিবারিক খাবারে অভ্যস্ত করা: বাইরের খাবারের প্রতি আসক্তি যত কমবে, স্বাস্থ্যঝুঁকিও তত কমবে। “চোখের আড়াল তো মনের আড়াল”—এই কথাটা এখানে প্রযোজ্য। খাবারে একঘেয়েমি দূর করতে কিছু বিষয়ে লক্ষ্য রাখা প্রয়োজন: খাবারে ভিন্নতা আনা, নতুন নতুন রেসিপি তৈরি করা এবং খাবারকে আকর্ষণীয়ভাবে পরিবেশন করার চেষ্টা করা, যাতে বাইরের খাবারের প্রতি আকর্ষণ কমে যায়। বাচ্চারা যখন ঘরের খাবারে বৈচিত্র্য পাবে, তখন বাইরের খাবারের প্রতি তাদের আসক্তি কমবে। তবে, অবশ্যই খাবারের পুষ্টিগুণ এখানে বিবেচ্য।

৫. মেনু নির্বাচন: সপ্তাহের সাত দিনের জন্য মেনু নির্ধারিত থাকলে সুষম খাবার গ্রহণ সহজ হয়ে যায়। যেমন: সপ্তাহে অন্তত দু’দিন সামুদ্রিক মাছ খাওয়ার পরিকল্পনা করা। এভাবে পুষ্টিগুণ বিবেচনা করে বিভিন্ন ধরনের খাবার খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। সঠিক খাবার এবং নিয়মিত শরীরচর্চা অনেক জটিল রোগের প্রকোপ কমাতে পারে। সুস্থ জীবনযাপনের জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা একান্ত প্রয়োজন।