সম্পর্কের স্বচ্ছতা ধরে রাখতে স্বামী-স্ত্রীর মধ্যে কিছু সত্য কেন অপ্রকাশিত থাকে? পুরুষরা সঙ্গীর কাছে কোন ৪টি কথা লুকান?

স্বামী-স্ত্রীর সম্পর্কের ভিত্তি হলো স্বচ্ছতা এবং পরস্পরকে বুঝতে পারার অভ্যাস। যদিও এমন অনেক বিষয় থাকে যা দুজনে সচেতনভাবেই সামনে আনেন না। সম্পর্ক সুন্দর রাখার ক্ষেত্রে অনেক সময় দুজনে এভাবে বোঝাপড়া করে চলেন। শুধু নারীই কথা লুকিয়ে রাখেন না, পুরুষও এক্ষেত্রে একইরকম। অনেক কথা থাকে, যা পুরুষ তার স্ত্রীর কাছে লুকিয়ে রাখেন বা তাকে জানাতে চান না। তবে সেগুলো যে ভয়ঙ্কর কিছু, এমন নয়—তারা হয়তো এই বিষয়গুলো প্রকাশে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।
পুরুষরা সাধারণত স্ত্রীর কাছে যে ৪টি কথা লুকিয়ে রাখেন:
১. বাইরের ঝামেলা কিংবা চাপ: পুরুষ মানেই নির্ঝঞ্ঝাট জীবন নয়। বরং তাদেরও হাজারটা চাপ কিংবা ঝামেলা সামলাতে হয়। তারা চেষ্টা করেন ঘরের নারী সদস্যদের যতটা সম্ভব এসব চাপ থেকে দূরে রাখার। তাই বেশিরভাগ পুরুষই বাইরের ঝামেলা নিজে মিটিয়ে ফেলতে চেষ্টা করেন এবং স্ত্রীকে এসব বিষয় জানতে দিতে চান না। তারা হয়তো স্ত্রীকে কিছুটা হলেও চাপমুক্ত রাখতেই এমনটা করে থাকেন।
২. ব্যর্থতার কথা: ব্যর্থ না হয়ে কেউ সফল হয় না, কিন্তু অধিকাংশ পুরুষই নিজের ব্যর্থতার কথা স্ত্রীকে জানাতে চান না। হয়তো তারা স্ত্রীর চোখে সব সময় নায়ক হয়েই থাকতে চান, বা স্ত্রীর করুণা পেতে চান না। এই কারণে ব্যর্থতার কথা লুকিয়ে রাখতেই বেশি পছন্দ করেন। যদিও এতে মানসিক চাপ বাড়ে। বিশেষজ্ঞদের মতে, সঙ্গীর কাছে মনের কথা খুলে বলাই উত্তম।
৩. নিজের আকাঙ্ক্ষার কথা: সব মানুষের ভেতরেই কিছু না কিছু চাওয়ার থাকে। কিন্তু বেশিরভাগ পুরুষ নিজের আকাঙ্ক্ষা বা চাহিদার কথা স্ত্রীকে বলতে পারেন না। হয়তো তারা এমনটা দেখেও অভ্যস্ত নন। তবে দু’জন দু’জনের প্রতি নির্ভরশীল থাকলেই সম্পর্ক আরও বেশি অর্থপূর্ণ হয়। তাই নিজের আকাঙ্ক্ষার কথা জীবনসঙ্গীকে জানানো উচিত।
৪. স্ত্রীর বদ অভ্যাসের কথা: স্ত্রীর ভেতরে কোনো বদ অভ্যাস দেখলে তা ধরিয়ে দিতে পারেন না অধিকাংশ পুরুষ। যদিও তারা জানেন এটি মোটেও ঠিক নয়। কিন্তু ঝগড়াঝাটির ভয়ে মুখ ফুটে বলেন না। এতে দাম্পত্য সম্পর্ক আরও খারাপ হতে থাকে। দু’জনের ভালোর জন্যই সরাসরি ও শান্তভাবে বলে দেওয়া উত্তম।