সকালের ক্লান্তি কাটছে না? জেনে নিন কারণ ও প্রতিকার

ঝলমলে সকালে ঘুম থেকে উঠে কর্মব্যস্ত দিন শুরু করতে কে না ভালোবাসে! সকালের নাশতা, অফিসের প্রস্তুতি, সহকর্মীদের সাথে আনন্দময় সময় কাটানো—এগুলো সকলেরই প্রত্যাশা। সপ্তাহান্তে ছুটির দিনে নিজের মতো করে আয়োজনের পরিকল্পনাও থাকে অনেকের। কিন্তু এমন সৌভাগ্য সবার হয় না। অনেকেই সারাক্ষণ ক্লান্তিতে ভোগেন, যা তাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে।
সারাদিন ক্লান্তি অনুভব করার পেছনে যেমন বিভিন্ন শারীরিক অসুস্থতা দায়ী হতে পারে, তেমনই আমাদের জীবনযাপনও এর জন্য অনেকটা দায়ী। অনেক সময় জীবনযাপনে কিছু সাধারণ পরিবর্তন আনলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে চলুন জেনে নিই, ক্লান্তি দূর করতে কোন বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে।
সঠিক খাদ্যাভ্যাস
আমাদের সুস্থ থাকার একটি বড় অংশই নির্ভর করে আমরা সারাদিন কী খাচ্ছি তার ওপর। তাই প্রতিদিন সঠিক সময়ে খাবার খাওয়ার অভ্যাস করুন। অনেকে নানা কারণে দিনের বেলা না খেয়ে সন্ধ্যায় পোলাও-বিরিয়ানির মতো ভারী খাবার খেয়ে ফেলেন। এই অভ্যাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই দিনে তিন বেলা সঠিক সময়ে খাবার গ্রহণ করুন এবং এর মাঝে দুই বেলা হালকা নাশতা খেতে পারেন। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন; এটি আপনাকে শক্তি জোগাবে এবং সারাদিন ক্লান্তি অনুভব করবেন না।
পর্যাপ্ত ঘুম
রাত জেগে টিভি দেখা বা স্মার্টফোন ব্যবহার করার অভ্যাস অনেকেরই আছে। এতে যেমন সময় নষ্ট হয়, তেমনই নষ্ট হয় ঘুমও। দুঃখজনক হলেও সত্যি যে, বর্তমানে এই অভ্যাস অনেকেরই রয়েছে। পর্যাপ্ত ঘুমের জন্য এই অভ্যাস পরিহার করুন। কারণ, কম ঘুম আপনাকে দিনে দিনে আরও ক্লান্ত করে তুলবে। ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে সব ধরনের গ্যাজেট দূরে সরিয়ে রাখুন। সম্ভব হলে ঘুমাতে যাওয়ার আগে অন্তত পনেরো মিনিট হাঁটুন। এতে ঘুম ভালো হবে।
মানসিক চাপ নিয়ন্ত্রণ
মন থাকলে মানসিক চাপও থাকবে—সংসার, অফিস, সম্পর্কসহ নানা কারণে মানসিক চাপ আসতে পারে। তবে এটিকে বাড়তে দেওয়া যাবে না। কোনো কারণে মানসিক চাপ অনুভব করলে তা কাটিয়ে ওঠার ব্যবস্থা করুন। অনেক সময় মানসিক চাপের কারণে হজমে গোলমাল বা পেটের সমস্যা দেখা দিতে পারে। সারাদিন ক্লান্তি অনুভব করা এবং কোনো কিছুতে আগ্রহ বোধ না করার অন্যতম কারণ হলো মানসিক চাপ। তাই মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি।
ওজন নিয়ন্ত্রণ
ক্লান্তি লাগার আরেকটি অন্যতম কারণ হতে পারে আপনার ওজন। আপনার ওজন যদি স্বাভাবিকের তুলনায় বেশি হয়, তবে যেকোনো কাজ করতে অতিরিক্ত শক্তি ক্ষয় হবে, যার ফলে দ্রুত ক্লান্তি অনুভব করবেন। তাই উচ্চতা অনুযায়ী ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করুন। এটি আপনাকে সুস্থ রাখবে এবং ক্লান্তি অনেকটাই কম অনুভূত হবে।