প্রায় প্রতিটি বাঙালির রান্নাঘরেই মৌরি একটি অপরিহার্য উপাদান। রোজকার খাবারে বা খাবার পর একটু মৌরি চাই-ই চাই। আমরা হয়তো শুধু ভালো হজমের জন্যই মৌরি খাই, কিন্তু মৌরির আরও অনেক খাদ্যগুণ আছে, যা হয়তো অনেকেরই অজানা। সুস্বাদু এই মসলাটি পুষ্টিগুণেও ভরপুর। মৌরিতে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের প্রতিদিন সুস্থ থাকতে সাহায্য করে। আসুন জেনে নিই মৌরির অবিশ্বাস্য উপকারিতাগুলো:
রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যদি রোজ মৌরি খাওয়া হয়, তাহলে শরীরে নাইট্রেট নামক এক উপাদানের পরিমাণ বাড়ে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়াও এতে থাকা পটাশিয়াম রক্তরসের জন্য উপকারী। মৌরি রক্তকে পরিষ্কার রাখতেও সাহায্য করে এবং শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে শরীরকে সুস্থ রাখে।
হজম শক্তি বৃদ্ধি করে
মৌরি হজম শক্তি বাড়াতে দারুণ কার্যকরী। এটি খাবার হজম করতে সাহায্য করে এবং গ্যাসের সমস্যায় খুবই উপযোগী। এক গ্লাস জলে সারা রাত মৌরি ভিজিয়ে রেখে সেই জল খেলে পেট ফাঁপা ও গ্যাসের কারণে হওয়া পেট ব্যথা কমে। এছাড়াও অন্যান্য পেটের সমস্যা নিয়ন্ত্রণ করতেও মৌরি সাহায্য করে।
সাইনাসের সমস্যা দূর করে
দেখা গেছে মৌরি সাইনাসের সমস্যা দূর করতেও উপযোগী। কারণ এতে থাকে ফাইটোনিউট্রিয়েন্ট যা সাইনাসের সমস্যাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়াও হাঁপানির সমস্যা, ব্রঙ্কাইটিসের সমস্যা দূর করতেও মৌরি সহায়ক।
ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে
ক্যান্সারের সমস্যাতেও মৌরির ভূমিকা গুরুত্বপূর্ণ। এটি ত্বকের ক্যান্সার এবং বিশেষ করে কোলন ক্যান্সার কমাতে সাহায্য করে। এইসব ক্যান্সার তৈরিতে যেসব উপাদান কাজ করে, সেগুলোকে ধ্বংস করতে মৌরি সহায়তা করে এবং দেহে ক্যান্সারকে ছড়িয়ে পড়তে দেয় না।
চোখের জন্য উপকারী
মৌরি চোখকে ভালো রাখে। এতে থাকা ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী, যা দৃষ্টিশক্তি বাড়ায়। চোখে গ্লুকোমার মতো সমস্যা নিয়ন্ত্রণ করতেও মৌরি সাহায্য করে।
শরীর ঠান্ডা রাখে
অতিরিক্ত গরমে মৌরির জল খেলে শরীরে শান্তি আসে এবং শরীর ঠান্ডা থাকে। মৌরি শরীরের পাশাপাশি মনকেও শান্ত রাখতে সাহায্য করে।
অন্যান্য উপকারিতা
মৌরি বায়ুরোগ এবং মুখের প্রদাহ নিয়ন্ত্রণ করে।
মৌরি পাতার রস কৃমিনাশক হিসাবে আয়ুর্বেদ শাস্ত্রে পরিচিত।
চায়ে মৌরি দিয়ে খেলে হজমের সমস্যা যেমন কমে, তেমনই কোষ্ঠকাঠিন্য দূর করতেও বিশেষ উপযোগী।
মৌরি মায়ের বুকের দুধ বাড়াতে সাহায্য করে।





