শিশুর খিটখিটে মেজাজ? ধৈর্য হারাবেন না, সমাধান আপনার হাতে!

শিশুর মন-মেজাজ বোঝা যে কতটা কঠিন, তা বাবা-মায়েরা ভালোই জানেন। শিশুরা মুহূর্তেই রেগে যায়, আবার পরক্ষণেই হেসে ওঠে। তবে কিছু শিশু আছে, যাদের মেজাজ বেশিরভাগ সময়েই খিটখিটে থাকে। তারা সারাক্ষণ মা-বাবাকে জ্বালিয়ে রাখে, আর বাবা-মায়েদের পক্ষেও তাদের এই অস্থিরতার কারণ বোঝা মুশকিল হয়ে পড়ে। অনেক সময় বিরক্ত হয়ে বড়রা ধৈর্য হারিয়ে ফেলেন, যা পরিস্থিতি আরও জটিল করে তোলে।

শিশুর এই খিটখিটে স্বভাব দূর করার জন্য আপনাকেই সচেষ্ট হতে হবে। তাদের চাওয়া মাত্রই সবকিছু দিয়ে দিলে হবে না। বরং যেকোনো কাজের প্রতি তাদের আগ্রহ বাড়ানোর জন্য আপনাকে চেষ্টা করতে হবে। শিশুর সমস্যা বুঝে সমাধান করা জরুরি, নয়তো এভাবে সে বড় হতে থাকলে একটা সময় সবার সঙ্গেই তার সম্পর্ক খারাপ হতে থাকবে। চলুন জেনে নেওয়া যাক শিশুর খিটখিটে স্বভাব দূর করার কিছু কার্যকরী উপায়:

শিশুর খিটখিটে স্বভাব দূর করার উপায়:
শিশুর সঙ্গে কথা বলুন: আপনার শিশুর সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। তাদের সঙ্গে সময় নিয়ে মন খুলে কথা বলুন। তার অস্থিরতা বা বিক্ষিপ্ততার কারণ জানার চেষ্টা করুন। অনেক সময় শিশুরা কোনো বিষয়ে হতাশ হয়ে গেলে ধৈর্য হারিয়ে ফেলে, তখন তারা অল্পতেই রেগে যায় বা মেজাজ হারায়। তাই তাদের সমস্যা আগে জানুন, তারপর তার সমাধানে মনোযোগ দিন।

শিশুর সঙ্গে খেলা করুন: আপনার শিশুর সঙ্গে বিভিন্ন খেলার অভ্যাস করতে পারেন। এর জন্য আপনার দিনের কিছুটা সময় বরাদ্দ রাখুন। শিশুর মনোযোগ বা একাগ্রতা বাড়াতে তার সঙ্গে ছোট ছোট খেলা খেলতে পারেন। এক্ষেত্রে পাজল একটি দুর্দান্ত উপকরণ হতে পারে। পাশাপাশি বেছে নিতে পারেন এ জাতীয় অন্যসব খেলাও, যা তাদের মস্তিষ্কের বিকাশে সাহায্য করবে।

শিশুকে বুঝতে চেষ্টা করুন: আপনার শিশুকে বোঝার চেষ্টা করুন। সে কী চায়, সেদিকে খেয়াল রাখুন। তার খাওয়া এবং ঘুমের দিকে বিশেষভাবে নজর দিন। অনেক সময় শিশুর শারীরিক অসুস্থতাও তার ধৈর্যহীনতার কারণ হতে পারে। তাই শিশুর শারীরিক ও মানসিক সুস্থতার দিকে খেয়াল রাখা খুবই জরুরি। এতে তার খিটখিটে স্বভাব দূর করা সহজ হবে এবং সে সুস্থ ও হাসিখুশি থাকবে।