শরীরে ক্যানসার বাসা বাঁধলে চোখেও পড়ে প্রভাব! অবহেলা করবেন না এই ৬ লক্ষণ

ক্যানসারের মতো মারণ রোগ প্রাথমিক পর্যায়ে শরীরে নীরবে বিস্তার লাভ করে। বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তিরা প্রথম দিকে এই রোগের বিষয়ে কিছুই টের পান না। যখন ক্যানসার কোষ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে শুরু করে, ঠিক তখনই বিভিন্ন শারীরিক সমস্যার লক্ষণ প্রকাশ পায় এবং পরীক্ষার মাধ্যমে রোগটি ধরা পড়ে।

বর্তমানে বিশ্বজুড়ে ক্যানসারে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। অনিয়মিত জীবনযাপন, ধূমপান, মদ্যপানসহ বিভিন্ন কারণে ফুসফুস, স্তন ও প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। ক্যানসারের নাম শুনলেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই রোগ প্রতিরোধের জন্য প্রয়োজন সঠিক জ্ঞান ও সচেতনতা। রোগটি নিয়ে যত বেশি আলোচনা করা হবে, ততই মানুষ এর ঝুঁকি সম্পর্কে অবগত হবে।

বিশেষজ্ঞরা বলছেন, ক্যানসার এখন একটি ক্রমবর্ধমান স্বাস্থ্য সমস্যা। আমাদের জীবনযাত্রার কিছু ভুলভ্রান্তি এই রোগের কারণ হচ্ছে। তাই প্রতিটি মানুষের উচিত এই রোগ সম্পর্কে সতর্ক থাকা। যেহেতু ক্যানসারের চিকিৎসা দীর্ঘমেয়াদী, তাই যত দ্রুত রোগ শনাক্ত করা যাবে, রোগীর সুস্থতার সম্ভাবনা ততই বাড়বে। ক্যানসার শরীরে বাসা বাঁধলে কিছু লক্ষণ দেখা যায়, যা অনেকেই সাধারণ ভেবে অবহেলা করেন। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে কোনো অস্বাভাবিকতা দেখা দিলে তাই অবহেলা করা উচিত নয়। এর মাধ্যমেই প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্ত করা সম্ভব।

জানেন কি, শরীরে ক্যানসার বাসা বাঁধলে চোখেও এর প্রভাব পড়তে পারে? হ্যাঁ, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এর ফলে চোখে বেশ কিছু লক্ষণ দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে রোগীর দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে। গবেষণায় দেখা গেছে, ফুসফুসে টিউমার হলেও চোখের দৃষ্টি ঝাপসা হয়, এমনকি চোখে ব্যথা ও অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে।

২০২০ সালের একটি গবেষণা অনুযায়ী, চোখের কিছু সমস্যা যেমন – চোখে কম দেখা, ঝাপসা দৃষ্টি, চোখে ব্যথা, চোখে কোনো স্পট ভেসে বেড়ানো, চোখ ফুলে যাওয়া এবং চোখ জ্বালা করা – এই লক্ষণগুলোকে অবহেলা করা উচিত নয়। কারণ চোখের এই ৬টি লক্ষণ শরীরের অন্য কোনো অংশে ক্যানসার টিউমারের ইঙ্গিত দিতে পারে।

গবেষণায় আরও দেখা গেছে, ফুসফুসের ক্যানসারের মতো স্তন ক্যানসার হলেও চোখে সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে চোখ জ্বালা করা, চোখ থেকে ক্রমাগত জল পড়া এবং চোখ গোলাপি হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যেতে পারে। এমনকি প্রোস্টেট ক্যানসারেও এই ধরনের লক্ষণ দেখা দিতে পারে। তাই চোখের যেকোনো সমস্যাকে গুরুত্ব দেওয়া উচিত।

ক্যানসার হলে চোখে সমস্যা দেখা দেওয়ার প্রধান কারণ হলো ‘অরবিটাল মেটাস্টিটিস’। এই পরিস্থিতিতে শরীরের কিছু ক্যানসার যখন বৃদ্ধি পায়, তখন তার প্রভাব চোখের আশেপাশেও পড়ে এবং বিভিন্ন সমস্যা দেখা দেয়। যদিও সবসময় ক্যানসার সরাসরি চোখে ছড়ায় না, তবে এর লক্ষণ চোখের মাধ্যমেও প্রকাশ পেতে পারে। সাধারণত স্তন, ফুসফুস ও প্রোস্টেট ক্যানসারের ক্ষেত্রে এই ধরনের সমস্যা চোখে পৌঁছায়। তবে মনে রাখতে হবে, এই লক্ষণগুলো সবার ক্ষেত্রে একই রকম নাও হতে পারে। তাই চোখের যেকোনো অস্বাভাবিকতাকে গুরুত্ব দিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।